২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুলকের সেরা অভিজ্ঞতা

অভিনেত্রী সান্ড্রা বুলকের মতে, হলিউডি সাইফাই থ্রিলার ‘গ্র্যাভিটি’তে তার অভিনয়ে অভিজ্ঞতা ছিল সবচেয়ে ভিন্ন এবং অসাধারণ।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 06:04 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, সিনেমাটিতে মহাশূন্যে আটকেপড়া এক ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন বুলক। ৮৬তম অস্কারে চরিত্রটির জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তিনি।

বেভার্লি হিলসে একাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়প্রাপ্তদের নাম ঘোষণার অনুষ্ঠানে বুলক বলেন, “সিনেমাটিতে অসাধারণ দয়ালু এবং ধৈর্যশীল একদল মানুষের সঙ্গে কাজ করেছি আমি। প্রযুক্তি সম্পর্কে তাদের ধারণা এবং দক্ষতা অতুলনীয়। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে সিনেমাটিতে কাজ করতে হয়েছিল আমাদের।”

তিনি আরও বলেন, “এমন পরিস্থিতিতে ভেঙে পড়া ছিল আমার জন্য স্বাভাবিক। কিন্তু সবার সাহায্যে  খুব সহজেই কাজটি করতে পেরেছি আমি। এটি ছিল আমার সবচেয়ে দারুণ অভিজ্ঞতা।”

এক দুর্ঘটনায় মহাকাশে আটকেপড়া দুই নভোচারীর বেঁচে থাকার লড়াই নিয়ে নির্মিত হয়েছে ‘গ্র্যাভিটি’। সিনেমাতে বুলকের সঙ্গে অভিনয় করেছেন জর্জ ক্লুনি। কিছুদিন আগেই ক্লুনিকে বুলক অভিহিত করেছিলেন তার সেরা সহশিল্পীদের একজন বলে।

মেক্সিকান পরিচালক আলফনসো কুয়ারন নির্মিত ‘গ্র্যাভিটি’ সিনেমাটিকে ধরা হচ্ছে ২০১৩ সালের সেরা সিনেমাগুলোর একটি হিসেবে। গোল্ডেন গ্লোব এবং ক্রিটিকস চয়েস অ্যওয়ার্ডসের আসর মাত করার পর এবারের অস্কারের আসরেও ‘সেরা চলচ্চিত্র’ এবং ‘সেরা পরিচালক’সহ ১০ বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি।

এবারের অস্কারে ‘সেরা অভিনেত্রী’ বিভাগে শক্ত প্রতিদ্ব›দ্বী হিসেবে ধরা হচ্ছে বুলককে। এক্ষেত্রে তার লড়াইটা হবে মেরিল স্ট্রিপ, কেইট ব্ল্যানচেট, জুডি ডেঞ্চ এবং এমি অ্যাডামসের মতো হেভিওয়েট অভিনেত্রীর সঙ্গে। লড়াইয়ে জিততে পারলে বুলকের ঝুলিতে জমা হবে ক্যারিয়ারের দ্বিতীয় অস্কার। প্রথমটি তিনি অর্জন করেছিলেন ২০০৯ সালের সিনেমা ‘দ্য ব্লাইন্ড সাইড’-এর সুবাদে।