২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনুশকা ঠোঁটের পরিবর্তনে ‘লিপ এনহ্যান্সিং টুল’

কিছুদিন ধরেই চলতে থাকা ‘লিপ জব’ গুজবের অবসান ঘটাতে আনুশকা শর্মা এবার জানালেন, সার্জারি নয়, ঠোঁটকে আরও আকর্ষণীয় দেখাতে ‘লিপ এনহ্যান্সিং টুল’ ব্যবহার করেছেন তিনি। সম্প্রতি এ ব্যাপারে টুইটারে সবার প্রতি একটি পোস্ট করেছেন ওই বলিউডি অভিনেত্রী।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 04:17 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

পরিচালক কারান জোহর উপস্থাপিত ‘কফি উইথ কারান’-এর একটি পর্বে অনুশকার ঠোঁটের পরিবর্তন নিয়ে গুঞ্জন শুরু হয় দর্শক এবং ভক্ত মহলে। অনেকেই ধারণা করেছিলেন, ঠোঁটের আকৃতি বদলাতে প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছিলেন তিনি।

রবিবার ৯ ফেব্রুয়ারি প্রচারিত শোটিতে আনুশকার ঠোঁটের এই পরিবর্তন নিয়ে আলোচনার ঝড় ওঠে গণমাধ্যম এবং সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোতে। অনেকেই টুইটারে জানান তাদের সন্দেহের কথা।

বলিউডি অভিনেত্রীদের মধ্যে প্লাস্টিক সার্জারি নতুন কিছু নয়। আর তাই সকলে ধরেই নেন আর সবার মতোই প্লাস্টিক সার্জারি করিয়ে ঠোঁটের আকৃতিতে পরিবর্তন এনেছেন আনুশকা।

১০ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে টুইট করেন আনুশকা। সেখানে তিনি লিখেন, “হ্যালো! এখন সবার মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আমার ঠোঁট। আর তাই এ বিষয়ে কথা বলব আমি।”

আনুশকা বলেন, “আমি উপস্থিত ছিলাম ‘কফি উইথ কারান’-এর যে পর্বে, সেটিই এখন সবার আগ্রহের বিষয়। বিশেষ করে আমার ঠোঁট নিয়ে বেশি গুজব ছড়ানো হচ্ছে। আমি বাধ্য হচ্ছি বিষয়টি নিয়ে মুখ খুলতে, কারণ বিষটি খুবই বাজে দিকে মোড় নিয়েছে।”

তিনি আরও বলেন, “কিছুদিন ধরে আমি সাময়িকভাবে ‘লিপ এনহ্যান্সিং টুল’ ব্যবহার করছিলাম। এটি একধরনের মেকআপ টেকনিক। আর এর কারণেই আমার ঠোঁটের আকৃতিতে কিছুটা পরিবর্তন এসেছে। এটি শুধুই এক ধরনের মেক-আপ। আমি সবাইকে জানাতে চাই কোনো ধরনের অস্ত্রোপচার করাইনি আমি। প্লাস্টিক সার্জারি বা লিপ জব করাইনি আমি।”

আনুশকা আরও জানান তার পরবর্তী সিনেমার খাতিরেই ঠোঁটে এই পরিবর্তন আনার চেষ্টা করেছেন তিনি।

আনুশকা বলেন, “আমার পরবর্তী সিনেমা ‘বম্বে ভেলভেট’-এ আমার চরিত্রের খাতিরেই এই পরিবর্তন এনেছি আমি। সিনেমাটিতে আমি ৬০ থেকে ৭০ দশকের একজন জ্যাজ গায়িকার চরিত্রে অভিনয় করছি।”

তবে আনুশকার নতুন এই চেহারা পছন্দ হয়নি অনেকেরই। এমনকি আনুশকার মতে তিনি নিজেও এই পরিবর্তন নিয়ে সন্তুষ্ট নন। তবে শুধু মাত্র চরিত্রের খাতিরেই এটি করেছেন তিনি।