২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুটি বাঁধবেন সালমান-সোনাম

প্রথমবারের মতো বলিউডি অভিনেতা সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী সোনাম কাপুর।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 03:33 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, পরিচালক সুরাজ ভারজাতিয়া দীর্ঘ বিরতির পর আবারও সালমানকে নিয়ে তার পরবর্তী সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আর হাজারো জল্পনা-কল্পনার পর সালমানের বিপরীতে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে সোনামকে।

এর আগেও অবশ্য সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে সোনামের। রণবীর কাপুরের বিপরীতে ২০০৭ সালে সঞ্জয় লীলা বনসালীর ‘সাওয়ারিয়া’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন সোনাম। ওই সিনেমায় তার প্রেমিকের ভ‚মিকায় অতিথি চরিত্রে ছিলেন সালমান।

ভারজাতিয়ার নতুন ওই সিনেমার জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন দীপিকা পাড়ুকোন। দীপিকাও দারুণ আগ্রহী ছিলেন সালমানের সঙ্গে কাজ করার বিষয়ে। তবে অতিরিক্ত ব্যস্ততার কারণেই সুযোগটি হাতছাড়া হয়ে গেল তার।

ভারজাতিয়ার সিনেমার সঙ্গে সময় মেলাতে পারেননি দীপিকা। আর এই সুযোগটি গ্রহণ করেছেন সোনাম।

ভারজাতিয়ার সঙ্গে সালমানের কাজের অভিজ্ঞতা বেশ পুরনো। ভারজাতিয়া পরিচালিত পাঁচটি সিনেমার তিনটিতেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান। ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র (১৯৮৯) মধ্য দিয়ে ভারজাতিয়ার সঙ্গে কাজ শুরু করেন সালমান। পরবর্তীতে ‘হাম আপকে হ্যায় কৌন’ (১৯৯৪) এবং ‘হাম সাথ সাথ হ্যায়’ (১৯৯৯)-এও এককসঙ্গে কাজ করেন তারা। নব্বইয়ের দশকে সালমানের ‘রোমান্টিক হিরো’ ইমেইজ তৈরি হয়েছিল ওই সিনেমাগুলোতে অভিনয়ের সুবাদে।

পরবর্তী এক দশকে সালমান-ভারজাতিয়া জুটির আর কোনো সিনেমা মুক্তি না পেলেও ২০১৩ সালের শুরু থেকেই শোনা যাচ্ছিল তাদের নতুন সিনেমার খবর। বছরের মাঝামাঝিতে দুপক্ষ থেকেই নিশ্চিত করা হয় নতুন সিনেমাটির খবর। নাম ঠিক না হওয়া সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের জুনে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৫ সালেই দীর্ঘ বিরতির পর সালমানকে তার পুরনো ‘রোমান্টিক’ ইমেজে দেখতে পাবেন দর্শকরা।