২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়ানার ‘প্রিন্স চার্মিং’ ট্রাভোল্টা

হলিউডি অভিনেতা জন ট্রাভোল্টা সম্প্রতি দাবি করেছেন হোয়াইট হাউজের এক গালা নাইটে একসঙ্গে নাচার পর প্রিন্সেস ডায়ানার ‘স্বপ্নের রাজপুত্র’  বা প্রিন্স চার্মিং বনে গিয়েছিলেন তিনি!

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 06:05 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

ব্যাং শোবিজের খবর অনুযায়ী, ১৯৮৫ সালের এক গালা ডিনারে নিমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন ট্রাভোল্টা। ওই সময় প্রিন্সেস ডায়ানার সঙ্গে নাচের সুযোগ পান তিনি। ট্রাভোল্টার ভাষ্য অনুযায়ী, নাচের সময়টা তারা এত উপভোগ করেছিলেন যে, তার মনে হয়েছিল ডায়ানা যেন তার কৈশোরের দিনগুলোতে ফিরে গেছেন।

ওই দিনের স্মৃতি রোমান্থন করে ট্রাভোল্টা বলেন, “তার (প্রিন্সেস ডায়ানা) ভেতরে বেশ সুন্দর এবং নারীসুলভ একটা ব্যাপার ছিল। তার সঙ্গে নাচতে গিয়ে আমার মনে হয়েছিল, আমি যেন তাকে তার কৈশোরে নিয়ে গিয়েছি। আমার মনে হয়েছিল তিনি বোধহয় ওই সময়ে ‘গ্রিজ’ (ট্রাভোল্টা অভিনীত ১৯৭৮ সালের সিনেমা) দেখেছিলেন; আর তাই আমি হয়ে উঠেছিলাম তার ‘স্বপ্নের রাজপুত্র’  বা প্রিন্স চার্মিং।”

ট্রাভোল্টার ভাষ্য অনুযায়ী, ব্রিটেনের রাজবধূ হওয়া সত্ত্বেও প্রিন্সেস ডায়ানার সঙ্গে নাচতে গিয়ে তিনি মোটেও নার্ভাস বোধ করেননি।

দ্য ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাভোল্টা বিষয়টিকে ব্যাখ্যা করেন এভাবে, “আগে প্রিন্সেস ডায়ানাকে আমি প্রিন্স চার্লসের সঙ্গে নাচতে দেখেছি। আর তখনই আমার মনে হয়েছে, নাচে তিনি দারুণ পারদর্শী। চার্লসের সঙ্গে নাচার সময় তিনিই ছিলেন নিয়ন্ত্রকের ভূমিকায়; আর তাই যখন সবার সামনে তার সঙ্গে আমার নাচার সময় এল, আমি তাকে বুঝিয়ে দিয়েছিলাম যে আমি আসলেই নাচতে জানি। আমি তাকে পিঠের নিচে ধরে নিজের কাছে টেনে নিয়ে এলাম, আর তার হাত আমার কাঁধ থেকে আরেকটু নিচে নামিয়ে দিলাম। এভাবে তাকে আমি নিশ্চয়তা দিয়েছিলাম যে আমাদের নাচটা ভালোই হতে যাচ্ছে। আর নাচটা সত্যিই হয়েছিল মনে রাখার মতো।”