২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থেরনের সঙ্গে প্রেম করছেন পেন

প্রায় এক মাস ধরে অভিনেত্রী শার্লিজ থেরনকে ডেট করছেন অস্কারজয়ী হলিউডি অভিনেতা শন পেন। এবার লস অ্যাঞ্জেলসের বেভার্লি হিলসে সকলের সামনেই থেরনকে চুম্বন করলেন পেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 05:40 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

এশিয়ান নিউজ সার্ভিস জানায়, বেভার্লি হিলসের কাছে গাড়ি থামিয়ে অপেক্ষা করছিলেন ওই জুটি। আর ওই সময় থেরনকে চুম্বন করেন পেন।

শোবিজস্পাইয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, থেরনের সঙ্গে সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাইছেন পেন। থেরনের সঙ্গে গাঁটছড়া বাঁধারও পরিকল্পনা করছেন তিনি।

চলতি বছরের শুরুতে পেন এবং থেরন একসঙ্গে হাওয়াইতে ছুটি কাটাতে যান। আর সেখান থেকেই তাদের সম্পর্কের বিষয়টি সকলের সামনে আসে। এরপর থেকে প্রায়ই তাদের দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।

থেরনের ছেলের সঙ্গেও পেন বেশ ঘনিষ্টতা গড়ে তুলেছেন। আর তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমেও বেশ আলোচনা চলছে শুরু থেকেই।

এরমধ্যে একটি দাতব্য নিলাম অনুষ্ঠানে একই সঙ্গে উপস্থিত হয়েছিলেন ওই জুটি। আর পুরো সময় তারা ছিলেন একসঙ্গে। এরমধ্যে কখনও নিজেদের সম্পর্ককে মিডিয়ার সামনে আড়াল করার চেষ্টা করেননি অস্কারজয়ী ওই দুই অভিনয় শিল্পী।

ব্যক্তিগত জীবনে একাধিকবার সম্পর্কে জড়ালেও কখনও বিয়ের পিঁড়িতে বসেননি থেরন। তার সবচেয়ে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল আইরিশ অভিনেতা স্টুয়ার্ট টাউনসেন্ডের সঙ্গে; নয় বছর একত্রে বসবাসের পর ২০১০ সালে বিচ্ছেদের পথে হাঁটেন ওই জুটি। একমাত্র সন্তান জ্যাকসনকে থেরন দত্তক নেন ২০১২ সালে।

ওদিকে সম্পর্ক ভাঙ্গা-গড়ার ব্যাপারে বেশ অভিজ্ঞ ৫৩ বছর বয়সী পেন। বরারবই নামকরা সব অভিনেত্রী এবং তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। পপতারকা ম্যাডোনার সঙ্গে পেনের বিয়ে এবং বিচ্ছেদ ছিল আশির দশকের অন্যতম আলোচিত ঘটনা। এরপর অভিনেত্রী রবিন রাইটের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি; দুই সন্তান ডিলান ফ্রান্সিস এবং হপার জ্যাকের জন্মের পর ১৯৯৬ সালে বিয়ে করেন তারা। রাইটের সঙ্গে পেনের ১৪ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০১০ সালে।

পরবর্তীতে বেশ কবার বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়ালেও কখনও সেসব গুজব স্বীকার করেননি পেন। তবে এবার থেরনের সঙ্গে তার খোলামেলা প্রেম দেখে অনেকেই ভাবছেন তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।