২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধীর জীবনচিত্রে ডেপ

হলিউডি অভিনেতা জনি ডেপ এবার চুক্তিবদ্ধ হলেন এক অপরাধীর বায়োপিকে। জেমস হোয়াইটি বালগার নামের সেই অপরাধীর জীবন নিয়ে নির্মিতব্য ‘ব্ল্যাক ম্যাস’ সিনেমাতে প্রধানচরিত্রে অভিনয় করবেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 04:56 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ১৬ বছর পলাতক থাকার পর ২০১১ সালে বালগারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল এফবিআই। বালগার এর আগে এফবিআইয়ের গোপন খবরদাতা হিসেবে কাজ করতেন।

৫০ বছর বয়সী ডেপকে ২০১৩ সালেই ‘ব্ল্যাক ম্যাস’ সিনেমাতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শোনা যায়, অতিরিক্ত পারিশ্রমিক দাবি করায় চুক্তি বাতিল হয়ে যায়।

বাগলারের ছোটবেলার বন্ধু এবং এফবিআই এজেন্ট জন কোনোলির চরিত্রে অভিনয় করবেন টম হার্ডি। বাগলারকে সাবধান করে দেওয়ার কারণে কোনোলিকেও জেলে যেতে হয়েছিল।

বাগলার আমেরিকার বহুল আলোচিত এবং কুখ্যাত একজন অপরাধী। প্রায় ১৯ খুনের আসামী ছিলেন বাগলার। টানা ১২ বছর ধরে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড লিস্টের প্রথম দশজনের মধ্যে ছিল বাগলারের নাম।

ক্রাইম থ্রিলার ভিত্তিক সিনেমায় অভিনয়ের জন্য এরই মধ্যে হলিউডে সুপরিচিত ডেপ। এর আগেও অপরাধবিষয়ক বায়োপিকে দেখা গেছে তাকে; ২০০৯ সালের সিনেমা ‘পাবলিক এনিমিজ’-এ অভিনয় করেছিলেন তিনি। ত্রিশের দশকের কুখ্যাত সন্ত্রাসী জন ডিলিঞ্জারের ওই বায়োপিকে মুখ্যচরিত্রে রূপদান করেন ডেপ। মাইকেল মান পরিচালিত ওই সিনেমায় তার সঙ্গে আরও আরও অভিনয় করেছিলেন ক্রিস্টিয়ান বেল এবং ম্যারিয়ন কোর্টিলাড।

‘ব্ল্যাক ম্যাস’ ছাড়াও ডেপ এখন ব্যস্ত অ্যাকশন কমেডি ‘মর্টডিকাই’ সিনেমার কাজে। ২০১৫ সালে মুক্তির জন্য নির্ধারিত ওই সিনেমায় ডেপ অভিনয় করেছেন একজন সুদর্শন এবং চতুর ব্রিটিশ সিক্রেট এজেন্টের চরিত্রে।