২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্থপ্রতিমের স্বপ্ন মাইম ইনস্টিটিউট

মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার এখন বাংলাদেশে। এ বছর বাংলা একাডেমির ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৪’-এর বিশেষ ফেলোশিপ পেয়েছেন তিনি। এ পুরস্কারপ্রাপ্তির পর তিনি স্বপ্ন বুনছেন, বাংলাদেশে একটি মাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবেন।

জয়ন্ত সাহা

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 07:02 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

বিশ্বখ্যাত মূকাভিনেতা মার্সেল মার্সোর স্কুলে নতুন এক শিক্ষার্থী এসেছে। মার্সো জানলেন, এ নতুন ছাত্র এসেছে বাংলাদেশ থেকে। নতুন ছাত্রটি ঘন্টাদেড়েক ধরে বাংলাদেশের পরিচয় দিয়ে গেলেও তার কাছে বাংলাদেশ মানে ভারতের কোনো এক অঙ্গরাজ্য। নতুন ছাত্র তখন ঠিক করলেন, মুকাভিনয়ের মাধ্যমেই বাংলাদেশকে তুলে ধরবেন। হলও তাই, দুদিন যেতেই নতুন ছাত্রের প্রতিভায় মুগ্ধ হয়ে বাংলাদেশ নিয়ে পড়াশোনা শুরু করলেন মার্সো। তাকে মুগ্ধ করল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। একপর্যায়ে সেই ছাত্র মার্সোর ভীষণ প্রিয় হয়ে উঠলেন। যেখানেই যান, প্রিয় ছাত্রটি তার সঙ্গী হন। মার্সো গোটা বিশ্বকে জানালেন, এ শুধু তার ছাত্র নয়, ছেলেও বটে।  এ ছেলেটির দেশ বাংলাদেশ।

মার্সোর স্কুলের সেই ছাত্রের নাম পার্থপ্রতিম মজুমদার। মূকাভিনয়ের এই জীবন্ত কিংবদন্তি প্রতিনিয়ত বাংলাদেশকে চিনিয়ে যাচ্ছেন নতুন করে। শুধু তাই নয়, মূকাভিনয় শিল্পে নতুন মাত্রা যোগ করেছেন তিনি।

১৯৫৪ সালের ১৮ জানুয়ারি পাবনার কালাচাঁদপাড়ায় জন্মগ্রহণ করেন পার্থপ্রতিম মজুমদার। বাবা হিমাংশু কুমার বিশ্বাস ও মা সুশ্রিকা বিশ্বাসের দ্বিতীয় সন্তান তিনি। হিমাংশু কুমারের পেশা ফটোসাংবাদিকতা। ছোটবেলায় পার্থর নাম রাখা হয় প্রেমাংশু কুমার বিশ্বাস। ডাকনাম ভীম।

কালাচাঁদপাড়ার জুবলি স্কুলে পড়াশোনা শুরু করেন ভীম। স্কুলের সেই দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “তখন স্কুলে ভর্তি হলে গুঁড়োদুধের কৌটা মিলত। দাদাদের দেখতাম, স্কুল থেকে কৌটা নিয়ে ফিরছে। তারপর কী মজা করে খেত। আমি দুধের লোভে পড়লাম। আমাকে স্কুলে ভর্তি হতে রাজি করাতে তাইতো মাকে তেমন হ্যাপা পোহাতে হয়নি।”

মা সুশ্রিকা বিশ্বাস দারুণ ভজন গাইতেন। মায়ের কাছেই গানে হাতেখড়ি হল তার।

পার্থর ছোটবেলা কেটেছে নানা সাংস্কৃতিক কর্মকান্ডে তার দাদুবাড়ি ছিল পাবনা শহরের সবচেয়ে বড় ঠাকুরবাড়ি। সে বাড়িতে বারো মাসে তের পার্বণ। সারা বছরই ভজন, কীর্তনে সারা বাড়ি মুখর থাকত। চৈত্রসংক্রান্তিতে ‘হাজরা’ ও ‘গাজন’ গানের আসর বসত। সে আসরে রাত ভোর করতেন পার্থরা। দাদুবাড়ির কোনো আসরে আবার পার্থ নিজেই গান গাইতেন। তার গানের সুরে মুগ্ধ হত শ্রোতারা।

অভিনয়ের দীক্ষাটা বাবা হিমাংশুর কাছে। হিমাংশু বনমালী ইনস্টিটিউট নামে একটি মঞ্চদলের সদস্য ছিলেন। ভাইবোনেরা মিলে বাবার সঙ্গে নাটক দেখতে যেত। বাড়ি ফিরে নিজেরাই সে নাটকের বিভিন্ন চরিত্র সাজতেন। বনমালী ইনস্টিটিউটের নানা সাংস্কৃতিক আয়োজনেও অংশ নিতেন পার্থ।

তখন সবে প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়েছেন পার্থ। একদিন বাড়ি ফিরে দেখেন, কলকাতা থেকে সুধাংশু কাকু  বাড়িতে এসেছেন ( সুধাংশু কুমার নব)। তিনি হিমাংশুকে প্রস্তাব দিলেন- “ভীমকে কলকাতায় নিয়ে যাব। সেখানেই পড়াশোনা করবে ও।” বাবা-মা রাজি হয়ে গেলেন। পরিবার ও স্বদেশ ছেড়ে ভীম চললেন বিদেশ-বিভুঁই। গাড়িতে চড়ার আগে দেখেন, বন্ধুরা সব চোখের জলে ভাসছে।

কলকাতায় গিয়ে ভর্তি হলেন ড.শীতলকুমার ঘোষ আদর্শ বিদ্যালয়ে। চন্দননগরে কাকুর বাসায় নিয়মিত আসতেন মূকাভিনেতা যোগেশ দত্ত। তার সঙ্গে আলাপচারিতায় মুগ্ধ হয়ে ভীমকুমার ঠিক করেন, তিনি মূকাভিনয় শিখবেন। তার আবদারে প্রথমে সায় না দিলেও যোগেশ দত্ত তাকে ভর্তি করিয়ে নেন নিজের মাইম একাডেমিতে। ১৯৬৬ সাল থেকে ১৯৭২ সাল অবধি যোগেশ দত্তের মাইম একাডেমিতে প্রশিক্ষণ নেন তিনি।

স্বাধীনতাযুদ্ধের পর দেশে ফিরে আসেন ভীম। একদিন বাড়িতে আসেন সংগীতজ্ঞ বারীণ মজুমদার। তিনি ভীমকে নিয়ে এলেন ঢাকায়। ভর্তি করিয়ে দিলেন তার প্রতিষ্ঠিত ঢাকা মিউজিক ইনস্টিটিউটে। বারীণ মজুমদার তার নতুন নাম দিলেন--পার্থপ্রতিম মজুমদার।

কলেজেই পরিচয় হল নৃত্য পরিচালক আমানুল হকের সঙ্গে। বন্ধুত্ব হয়ে গেল অঞ্জনা, তিথি খন্দকার, নিলুফার, ফ্যান্সি, কচি, মাহফুজ, নিরঞ্জন আর মুনিরের সঙ্গে। তাদের নিয়ে ‘ব্যালে অব বাংলাদেশ’ নামের একটি সাংস্কৃতিক দল গড়ে তুললেন বারীণ মজুমদার। এ দলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাষণের আগে সংগীত পরিবেশন করত।

গানের আড়ালে চলছিল পার্থর মূকাভিনয় চর্চা। তার এই চর্চার খবর জেনে গেলেন বিটিভির প্রযোজক আলিমুজ্জামান দুলু। তিনি পার্থকে জানালেন, বিটিভিতে মূকাভিনয় প্রচার হওয়া আবশ্যক। ১৯৭৫ সালে হেদায়েত হোসেন মোরশেদের ‘রঙধনু’ নামের একটি অনুষ্ঠানে মাইম দেখাতে শুরু করেন পার্থ। তার মূকাভিনয়ের গল্পে ফুটে ওঠে রাজধানীর জনজীবনের প্রতিচ্ছবি। এরপর তিনি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর  ‘আপনপ্রিয়’, শফিক রেহমানের ‘বলা বাহুল্য’ এবং ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানেও পারফর্ম করেন।

অনুষ্ঠানগুলোতে পার্থর মূকাভিনয়ে মুগ্ধ হল বাংলাদেশের ফ্রান্স দূতাবাস। তাদের আমন্ত্রণে ফরাসি সংস্কৃতিকেন্দ্র আঁলিয়স ফ্রঁসেজে তিনি দুটি অনুষ্ঠানও করলেন। পার্থকে তারা অনুরোধ করে ফ্রান্সে আসতে, কারণ সেখানে এ শিল্পের চর্চা ও প্রসার ব্যাপক। পার্থকে একটি বৃত্তিও দিয়ে দিল তারা। ১৯৮১ সালে পার্থ উড়াল দিলেন ফ্রান্সে।

ফ্রান্সে গিয়ে পার্থ ভর্তি হলেন এতিয়েন দু ক্রুর স্কুলে। তার মৃত্যুর পর মার্সেল মার্সোর ‘ইকোল ইন্টারন্যাশনাল দ্য মাইমোড্রামা’ স্কুলে। পার্থ জানান, মার্সোর সেই স্কুলে সুযোগ পাওয়া ‘রীতিমতো সৌভাগ্যের’ ব্যাপার। সারা বিশ্ব থেকে মাত্র ৮জন জন মূকাভিনেতা মার্সোর স্কুলে সুযোগ পেতেন। পার্থ সেই ভাগ্যবানদের একজন।

স্কুলে ভর্তির পর ‘নিজগুণে’ গুরুর প্রিয়তম শিষ্য হয়ে উঠলেন পার্থ। গুরুর সঙ্গে দৈনিক ১৬ঘণ্টা প্রশিক্ষণ নিতেন তিনি।

গুরুর সঙ্গে তার অনেক স্মৃতি। দুজনে মিলে বেশক’টি শো করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘ইকোল ইন্টারন্যাশনাল ডি মাইমোড্রামা ডি প্যারিস-মারসেল মার্সো’ (আমেরিকা-১৯৮৪), ‘লে কারগো দ্য ক্রেপুসকুল’ ও ‘আবিম (ইতালি, ১৯৮৫), ‘ইয়ার অব ইন্ডিয়া’ (ফ্রান্স-১৯৮৬), ‘শ থিয়েটার’  এবং ‘ওয়েস্টমিনিস্টার স্টুডিও থিয়েটার শো’ ( লন্ডন-১৯৮৬), ‘কুয়ালালামপুর ফেস্টিভ্যাল’ (মালয়েশিয়া- ১৯৮৭), ‘লিডডেন মিউজিয়াম শো’ ( স্টুটগার্ট, জার্মানি-১৯৮৮)। ১৯৯০ সালে মার্সেল মার্সোর সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন ‘মাইমোড্রামা স্কুল’। সে বছরই ওরিয়েন্টাল ও ওয়ের্স্টান মাইমের উপর একটি গবেষণা কাজ সম্পাদন করেন তারা।

ফ্রান্সে থাকলেও নিয়মিত দেশের খবর রাখতেন পার্থ। ১৯৯১ সালে বাংলাদেশের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ত্রাণ সংগ্রহের কাজে নেমে পড়েন তিনি। ফ্রান্সের হেবারতো থিয়েটার, 'বার্দো' ও 'ননত্' শহরের তিনটি শো থেকে প্রাপ্ত টাকা তিনি দেশে পাঠিয়ে দেন। এর পাশাপাশি তখন নিয়মিত নানা কর্মশালায় ক্লাস নিচ্ছেন তিনি। বিশ্বব্যাপী মূকাভিনয়ের নানা প্রদর্শনীও করেছেন।

ঘুরে বেড়ানোর পাশাপাশি বেশকটি টিভি প্রোগ্রামেও অংশগ্রহণ করেন তিনি। পার্থ বেশ কটি আমেরিকান, কানাডিয়ান ও ফরাসি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রগুলো হচ্ছে ‘ওয়ান ডলার কারি’, ‘জনিস এ্যান্ড জন’,‘ফার্মাসি দ্য গার্ড’, ‘দ্য মর দ্য বেলভিল’, ‘বাই বাই’। ‘বাই বাই’ জিতে নিয়েছে ২৬টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। শুধু তাই নয়, সারাবিশ্বের ৫টি উৎসবেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

মূকাভিনয়ে বিশেষ কৃতিত্বের জন্য পার্থ ১৯৮৭ সালে তিনি কলকাতা যোগেশ মাইম একাডেমি থেকে ‘মাস্টার অব মাইম’ উপাধি অর্জন করেন। ১৯৮৮ সালে তিনি একক মূকাভিনেতা হিসেবে এথেন্স, নিউইয়র্ক, ডেনমার্ক, সুইডেনসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন। মালয়েশিয়া থেকে মিলেছে ‘মাস্টার অব ওয়ার্ল্ড’ সম্মাননা। ২০১০ সালে বাংলাদেশ সরকারের একুশে পদক দেওয়া হয় তাকে। ২০১১ সালে ফ্রান্স সরকারের নাইট উপাধিতে ভূষিত হন তিনি।

সারা বিশ্ব মাতিয়ে পার্থ এবার বাংলাদেশেও মূকাভিনয় চর্চা ছড়িয়ে দিতে চান। তার মতে, বাংলাদেশে এ শিল্পের চর্চা সঠিকভাবে হচ্ছে না। এর কারণ হিসেবে, শিল্পীদের অনীহা ও পৃষ্ঠপোষকতার অভাবকে দায়ী করেন তিনি। তবে এতে হতাশ নন তিনি।

পার্থ বলেন, “আমার বহুদিনের ইচ্ছা একটি মাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব। দেশের বিভিন্ন অঞ্চলে কিছু মানুষ মূকাভিনয় চর্চা করছে। তাদের সবাইকে একত্র করে প্রশিক্ষণ দেব। তারাই নতুন শিল্পী তৈরি করবেন। এতে শিল্পটির বিকাশ হবে।”

পার্থ জানান, এ বিষয়ে ইতোমধ্যেই সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন। সংস্কৃতিমন্ত্রীরও সাড়া মিলেছে। এই মাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

ব্যক্তিগত জীবনে পার্থ এক ছেলে ও এক মেয়ের জনক।  তার স্ত্রীর নাম জয়শ্রী। ছেলের নাম সুপ্রতিম ও মেয়ে দোয়েল।