২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর কালো পতাকা মিছিল

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সংগঠিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এবং এসব ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশে কালো ‘পতাকা মিছিল’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 04:58 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা দুটিতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংস্কৃতিক অঙ্গনের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করেন সংগঠনটির জাতীয় নেতৃবৃন্দ। দেশে ও বিদেশে অবস্থিত উদীচীর তিন শ’র বেশি শাখার শতাধিক প্রতিনিধি কেন্দ্রীয় সংসদ এবং জাতীয় পরিষদ সভায় অংশ নেন।

সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, সাম্প্রদায়িক সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি সমমনা কয়েকটি সংগঠনকে সঙ্গে নিয়ে সারাদেশে ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচি পালন করবে উদীচী। কর্মসূচিতে উদীচীর কেন্দ্রীয় সংসদসহ সবগুলো জেলা এবং শাখা সংসদের শিল্পী-কর্মীরা অংশ নেবেন।