২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা হতে পারে ‘স্ল্যামডগ মিলিয়নিয়ার’

এবিসি নিউজের অস্কার ব্র্যাকেট চ্যালেঞ্জে এগিয়ে আছে মুম্বাইয়ের এক বস্তির ছেলের গল্প নিয়ে ড্যানি বয়েলের পরিচালনায় নির্মিত ব্রিটিশ সিনেমা ‘স্ল্যামডগ মিলিয়নিয়ার’।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 04:49 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ৬৪ বছরের অস্কারজয়ী সিনেমাগুলোর মধ্যে সেরা সিনেমা বাছাইয়ের তালিকা প্রস্তুত করা হচ্ছে। কয়েক দফা ভোটাভোটির মধ্য দিয়ে ৬৪ সালের সেরা অস্কারজয়ী সিনেমার খেতাব অর্জন করবে এর কোনো একটি।

এই দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছে ২০০৮ সালের ‘স্ল্যামডগ মিলিয়নিয়ার’। সিনেমাটি মোট ৩০৫৮টি ভোট পেয়ে রোববারের দ্বিতীয় রাউন্ডে স্থান করে নিয়েছে। এর চেয়ে মাত্র ৪৮ ভোট পিছিয়ে রয়েছে ২০০৭ সালের ‘নো কান্ট্রি ফর ওল্ড ম্যান’।

দ্বিতীয় রাউন্ডে গিয়েছে মোট ৩২টি সিনেমা। এদের মধ্যে রয়েছে ‘আরগো’, ‘দ্য কিংস স্পিচ’, ‘টাইটানিক’, ‘অল দ্য কিংস ম্যান’ ইত্যাদি।

ছয় ধাপে সম্পন্ন হবে বাছাই প্রক্রিয়া। এরপরই পাওয়া যাবে ৬৪ সালের সেরা অস্কারজয়ী সিনেমার নাম।

‘স্ল্যামডগ মিলিয়নিয়ার’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালে। টরেন্টো ও লন্ডনের চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর ২০০৯ সালে জানুয়ারির ৯ তারিখে যুক্তরাজ্যে, ২২-এ ভারতে এবং ২৩-এ যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি।

এটি ২০০৯ এর অস্কারের আসরে ১০টি শাখায় মনোনয়ন পায় এবং সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্যসহ আটটি পুরস্কার জয় করে। সাতটি বাফটা পুরস্কার চারটি গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করে সিনেমাটি।

এর মূল কাহিনি গড়ে উঠেছিল ভারতীয় লেখক বিকাশ স্বরূপের উপন্যাস অবলম্বনে। এতে অভিনয় করেছিলেন দেব প্যাটেল, ফ্রিডা পিন্টো, অনীল কাপুর। এর সংগীত পরিচালনা করেছিলেন এ.আর রেহমান।

মুম্বাইয়ের এক বস্তির ছেলের ধাঁধার আসরে পুরস্কার জয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। এর মধ্য দিয়ে উঠে এসেছে বস্তির শিশুকিশোরদের জীবন।