শেষ হচ্ছে ধারাবাহিক ‘নিজ গৃহে পরবাসী’
দীর্ঘ ধারাবাহিক ‘নিজ গৃহে পরবাসী’-র শেষপর্ব প্রচারিত হবে রোববার। পারিবারিক দ্বন্দ্ব ও মনস্তাত্ত্বিক জটিলতার গল্প নিয়ে নির্মিত এ ধারাবাহিকের গল্প লিখেছেন জিনাত হাকিম, পরিচালনা করেছেন আজিজুল হাকিম।
জিনাত হাকিম গ্লিটজকে জানান, শাশুড়ি-বউয়ের চিরাচরিত দ্বন্দ্ব নিয়ে এগিয়েছে এ ধারাবাহিকের গল্প। নানা ইস্যুতে পরিবারের সদস্যদের মনস্তাত্ত্বিক পরিবর্তন, স্বার্থসিদ্ধির লড়াইয়ের শেষে কে জয়ী আর কে বিজেতা- এ প্রশ্নের উত্তর মিলবে শেষপর্বে।
এ ধারাবাহিকে শাশুড়ি চরিত্রে অভিনয় করেছেন-- জাহানারা আহমেদ, সাবেরী আলম, ডলি জহুর ও নার্গিস আক্তার। বউয়ের চরিত্রে অভিনয় করেছেন তানভিন সুইটি, শশী, অপর্ণা, ছন্দা, ঈশানা, সাকি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আল মামুন, আগুন, আপন আহসান, আরমান পারভেজ মুরাদ, শাহরিয়ার নাজিম জয় ,শ্যামল মওলা ও নাজাহ্ হাকিম।
রোববার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিকটির শেষপর্ব।
