সহশিল্পীর পাশে সালমান
সালমান খান তার সহ-অভিনেতা সন্তোষ শুক্লার ভাইয়ের কিডনি ট্রান্সপ্ল্যান্ট অস্ত্রোপচারের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, ‘বিয়িং হিউম্যান’ দাতব্য সংস্থার পরিচালক সালমান, সন্তোষ শুক্লার ৩৪ বছর বয়সী ভাইয়ের কিডনি ট্রান্সপ্ল্যান্ট অপারেশনের জন্য ৫ লাখ টাকা দান করেন। সপ্তাহখানেক আগে দিল্লির একটি হাসপাতালে আশুতোষের অস্ত্রোপচার হয়।
সন্তোষ এ বিষয়ে বলেন, “সালমান শুটিংয়ের সময় অন্য কারও কাছ থেকে আমার সমস্যার কথা জানতে পারেন। তিনি এ বিষয়ে আমার সঙ্গে কথা বলেন এবং চিন্তা করতে মানা করেন। তিনি আমাকে মনোযোগ দিয়ে কাজ করতে বলেন।”
সন্তোষ আরও বলেন, “আমি সালমানকে টাকার জন্য অনুরোধ করিনি। তিনি নিজেই ৫ লাখ টাকা অনুদানের কথা বলেন। তিনি আমার মায়ের সঙ্গেও কথা বলেন।”
সন্তোষ জানান, তার ভাবি নিজের একটি কিডনি দান করেছেন। আর এ নিয়ে সালমান তার ভাবির সঙ্গে কথাও বলেন।
সন্তোষ বলেন, “সালমান আমার ভাবির সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। আশুতোষের অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি কিছুটা সুস্থ হলেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন এবং সালমান খানের সঙ্গে দেখা করবেন।”
সালমান খান অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জয় হো’ সিনেমায় সহশিল্পী ছিলেন সন্তোষ শুক্লা। সালমানের ‘জয় হো’ সিনেমায় ভারতীয় রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ২০১৪ সালে ১০০ কোটি রুপি আয়কারী সিনেমার তালিকার সূচনা করেছে ‘জয় হো’।
