২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা শিখছেন সুশান্ত

ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’ সিনেমায় চরিত্রের খাতিরে বাংলা ভাষা শিখছেন বলিউডি অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 06:00 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

মিড ডে জানায়, বর্তমানে কলকাতায় সিনেমাটির শুটিং করছেন সুশান্ত। আর চরিত্রের খাতিরে তার বাংলা ভাষা রপ্ত করতেই এখন বাংলা শিখছেন তিনি। জানা গেছে, তাকে শুদ্ধ বাংলা শেখাতে তার জন্য একজন শিক্ষক রেখেছেন নির্মাতারা।

এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, “বাংলা ভাষা শেখার পাশাপাশি বাঙালিদের ঐতিহ্য এবং চালচলনও ভালো করে পর্যবেক্ষণ করছেন রাজপুত। তিনি কলকাতার স্থানীয় কিছু খাবারও খেয়েছেন ইতোমধ্যে। সিনেমাটিতে তিনি একজন বাঙালি যুবকের চরিত্রে অভিনয় করছেন। আর তিনি চাইছেন কাজটি নিখুঁতভাবে করতে।”

সুশান্তের বাংলা শেখার বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র। তিনি বলেন, “শুদ্ধ বাংলা শিখতে রাজপুতের জন্য একজন শিক্ষকও রাখা হয়েছে।”

পশ্চিম বাংলার লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা-পূর্ব কলকাতার প্রেক্ষাপটে গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সিকে নিয়ে রচিত কাহিনি অবলম্বনে বলিউডি সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক দিবাকর ব্যানার্জি। সিনেমাটি ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছেন সুশান্ত।