টম ক্রুজের নামে বিলিয়ন ডলারের মামলা!
হলিউডি অভিনেতা টম ক্রুজের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের মামলা করেছেন চিত্রনাট্যকার টিমথি প্যাট্রিক লানাহান। তার মতে তার লেখা ‘হেড অন’ কাহিনি অনুকরণে নির্মিত হয়েছে টমের জনপ্রিয় সিনেমা ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকল’।
এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ম্যাকলানাহানের মতে ১৯৯৮ সালে তার লেখা ‘হেড অন’ গল্পটি অনুকরণ করেই সাজানো হয়েছে টম ক্রুজের বহুল জনপ্রিয় সিনেমাটির কাহিনি।
রিডার অনলাইন জানায়, ম্যাকলাহান আমেরিকার কপিরাইট অফিসে তার লেখা চিত্রনাট্যটি জমা দিয়েছিলেন। এরপর ‘হেড অন’-এর স্বত্বের সার্টিফিকেটও পান তিনি। এতে লেখা ছিল, তার অনুমতি ছাড়া কেই ওই গল্প বা এ কাহিনি কেউ ব্যবহার করতে পারবে না।
ম্যাকলাহান জানান, ২০১১ সালে ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকল’ সিনেমাটি মুক্তির পরই তিনি বুঝতে পারেন তার গল্প অনুকরণে নির্মিত হয়েছে সিনেমাটি। তার ১৯৯৮ সালের কপিরাইট করা গল্পটি তার অনুমতি ছাড়াই ব্যবহৃত হয়েছে সিনেমাটিতে।
আর তাই ৫১ বছর বয়সী টম ক্রুজের নামে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন তিনি। টম ছাড়াও অবৈধভাবে, বিনা অনুমতিতে তার গল্প ব্যবহারের দায়ে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্সের নামেও মামলা করেছেন ম্যাকলাহান।
