শচিনকে বলিউডের শুভেচ্ছা
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে ৪ ফেব্রুয়ারি ভারতরত্ন উপাধি গ্রহণ করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা শচিন টেন্ডুলকার।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, অভিনেত্রী দিয়া মির্জা, দীপিকা পাডুকোন এবং অভিনেতা রানভির সিংয়ের মতো সেলিব্রিটিরা শুভেচ্ছা জানিয়েছেন শচিনকে। তবে তাদের মতে, শচীন তার ২৪ বছরের ক্যারিয়ারে যা অর্জন করেছেন, তার জন্য কোনো উপাধিই যথেষ্ট নয়।
৪০ বছর বয়সী ওই কিংবদন্তি ক্রিকেট তারকা ১৬ নভেম্বর খেলা থেকে অবসর নেন। ভারতীয় ক্রিকেটে তার অবদানের জন্য তাকে ভারতরত্ন উপাধি দেন দেশটির রাষ্ট্রপতি।
দিয়া মির্জা বলেন, “এমন কিছু মানুষ আছেন, যাদের যত উপাধিই দেওয়া হোক না কেন, তা যথেষ্ট নয়। তবে শচিন টেন্ডুলকার, ভারতরত্ন উপাধি পেয়েছেন, এটি সত্যিই দারুণ ব্যাপার। শচিন আসলেও ভারতের রত্ন। আমার মনে হয়, যারা ক্রিকেট ভালোবাসেন এবং শচিনকে ভালোবাসেন তারা সকলেই তার এই অর্জনে খুশি হয়েছেন।”
দীপিকা পাড়ুকোন বলেন, “তিনি এই খেতাবের দাবিদার। তাকে যত প্রশংসা করা যায় তার সবই প্রাপ্য। তবে তিনি একজন কিংবদন্তি। তিনি যা করেছেন নিজের জন্য এবং ভারতের জন্য, তার পরিপ্রেক্ষিতে তাকে যত উপাধিই দেওয়া হোক না কেনো, কম মনে হবে।”
রানভির সিং বলেন, “আমার মনে হয় তার মতো একজন কিংবদন্তির জন্য অন্য কোনো পুরস্কার আবিষ্কার করা প্রযোজন ছিল।”
জুহি চাওলা বলেন, “লাখো ভক্তকে গর্বিত করেছেন তিনি। দীর্ঘ ২৪ বছর তিনি খেলেছেন ভারতের হয়ে। তিনি অন্যদের জন্য অনুপ্রেরণা। তার ভারতরত্ন অর্জনে আমি খুবই আনন্দিত।”
জাভেদ আক্তার বলেন, “শচিন ওই পদকের দাবিদার।”
সোনাক্ষি সিনহা বলেন, “শচিন এই পদকের দাবিদার। আমি খুবই আনন্দিত।”
