শুটিং শেষে ‘ববি জাসুস’
বলিউডি অভিনেত্রী দিয়া মির্জা প্রযোজিত এবং বিদ্যা বালান অভিনীত ‘ববি জাসুস’ সিনেমার শুটিং শেষ হয়েছে পূর্ব নির্ধারিত সময়েই। টানা ৫১ দিন হায়াদ্রাবাদ শুটিংয়ের পর শেষ হয়েছে সিনেমাটির মূল শুটিং।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, দিয়া মির্জা এবং সাহিল সাঙ্ঘার প্রযোজনা প্রতিষ্ঠান বর্ন ফ্রি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ববি জাসুস’ সিনেমাটি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে একজন বহুরূপী গোয়েন্দা হিসেবে অভিনয় করছেন বিদ্যা বালান।
পূর্বনির্ধারিত সিডিউল অনুসারে টানা ৫১ দিন শুটিং চলেছে হায়াদ্রাবাদের বিভিন্ন অঞ্চলে।
সাহিল বলেন, “সিনেমাটির মূল শুটিং শেষ হয়েছে। এবার আমরা বাদবাকি কাজও পুরো উদ্যমে শেষ করে যতটা তাড়াতাড়ি সম্ভব সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা করব।”
জানা গেছে, হায়দ্রাবাদের বেশ কিছু নতুন স্থানে শুটিং হয়েছে সিনেমাটির। এর আগে ওই স্থানে কখনও শুটিং হয়নি। ৫১ দিন টানান বিরতিহীনভাবে শুটিং করে গেছে সিনেমাটির পুরো দল।
দিয়া বলেন, “এত জলদি সিনেমাটির কাজ শেষ হয়ে গেছে দেখে আমাদেরই অবাক লাগছে। বিদ্যা এবং পুরো টিম নিজের মতো করে সিনেমাটির শুটিং করেছে। এই সিনেমাটির কাজ করতে গিয়ে অসাধারণ কিছু অভিজ্ঞতা হয়েছে আমার।”
সিনেমাটি পরিচালনা করেছেন সামার শেখ। সিনেমাটি এ বছরের মাঝামাঝি সময় মুক্তি পাবে বলে জানা গেছে।
