২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্রোজেন’-এর জয়জয়কার

৪১তম অ্যানি অ্যাওয়ার্ডসের আসরে সেরা অ্যানিমেশন সিনেমার খেতাবসহ মোট পাঁচটি পদক জয় করেছে ২০১৩ সালের ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘ফ্রোজেন’।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 05:11 PM

Updated : 13 Oct 2022, 11:48 AM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, একটি পরিবারকেন্দ্রিক মিউজিকাল কমেডি অ্যানিমেশন সিনেমাটি ‘ডেসপিকেবল মি টু’, ‘আর্নেস্ট অ্যান্ড স্যালেস্টাইন’, ‘মনস্টারস ইউনিভার্সিটি’, ‘দি ক্রুডস’, ‘দ্য উইন্ড রাইসেস’ এবং ‘এ লেটার টু মুমু’-এর মতো আলোচিত অ্যানিমেশন সিনেমাগুলিকে টপকে সেরা অ্যানিমেশনের খেতাবটি জয় করেছে।

এস শোবিজের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ‘ফ্রোজেন’ সিনেমাটির পরিচালক ক্রিস বাক এবং জেনিফার লি পেয়েছেন ‘সেরা পরিচালক’-এর খেতাব।

এদিকে, সেরা সংগীত পরিচালনার পুরস্কারও গেছে ‘ফ্রোজেন’-এর ঘরে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ক্রিস্টোফ বেক, ক্রিস্টেন অ্যান্ডারসন এবং রবার্ট লোপেজ।

‘ফ্রোজেন’ সিনেমাটির মূল চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন বেল। তবে টেলিভিশন অভিনেতা জশ গ্যাড অর্জন করেছেন সেরা অ্যানিশেন কণ্ঠ অভিনেতা পদকটি। তিনি ‘ফ্রোজেন’-এর আইসম্যান ওলাফের চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন।

‘দ্য ক্রুডস’ অ্যানির আসরে জয় করেছে তিনটি পদক। সেরা অ্যানিমেশন এফেক্টস, চরিত্রের অ্যানিমেশন এবং ক্যারেক্টার ডিজাইনের পদক জয় করেছে সিনেমাটি। অন্যদিকে স্টোরিবোর্ডিং এবং এডিটোরিয়ালের জন্য পুরস্কার অর্জন করেছে ‘মনস্টার ইউনিভার্সিটি’।

অ্যানিমেশন সিনেমা ছাড়া অ্যানি অ্যাওয়ার্ড অর্জন করেছে ‘প্যাসিফিক রিম’ এবং ‘দ্য হবিট: অ্যান আনএক্সপেকটেড জার্নি’ সিনেমা দুটি। ‘প্যাসিফিক রিম’ লাইভ অ্যাকশনে অ্যানিমেশনের ব্যবহারের জন্য অ্যাওয়ার্ড জয় করেছে আর ‘দ্য হবিট’ পেয়েছে চরিত্র অ্যানিমেশনের জন্য।

২০১৪-এর অ্যানি অনুষ্ঠিত হয়েছে ১ ফেব্রুয়ারি।