খালেদ খানের জন্মদিনে নানা আয়োজন
অভিনেতা, নির্দেশক খালেদ খানের ৫৭তম জন্মবার্ষিকীতে রোববার স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতিকর্মীরা।
ইতোমধ্যে নাট্যকর্মীরা বর্ষীয়ান অভিনেতা রামেন্দু মজুমদারকে আহ্বায়ক করে ‘খালেদ খান জন্মবার্ষিকী উদযাপন পরিষদ’ নামে একটি কমিটি গঠন করেছে।
উদযাপন পরিষদের সদস্য মোস্তাফিজ শাহীন গ্লিটজকে জানান, রোববার সকাল ৭টায় চারুকলার বকুলতলায় ‘যুবরাজ জয়ন্তী’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণসভার আয়োজন করছে তারা।
মনিরুজ্জামানের বাঁশির সুরে শুরু হবে যুবরাজ জয়ন্তী। নৃত্য পরিবেশন করবে ধ্রুপদ কলাকেন্দ্র। এরপর খালেদ খানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করবেন রামেন্দু মজুমদার ও রফিকুল ইসলাম। তাদের আলোচনা শেষে নাগরিক নাট্যসম্প্রদায় স্মরণ করবে নির্দেশক খালেদ খানকে।
এ অনুষ্ঠানে প্রয়াত অভিনেতার ভাই শাহীন খান ও মেয়ে ফারহিন খান জয়িতার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরা গান ও নাটিকা পরিবেশন করবেন বলে জানিয়েছেন মোস্তাফিজ শাহীন।
এছাড়া এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শারমিন সাথী ইসলাম, সঞ্চিতা দত্ত, ইলোরা আহমেদ এবং ভজন ক্ষ্যাপা।
এদিন বিকাল ৪টায় খালেদ খানের শেষ কর্মস্থল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ খালেদ খান স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে খালেদ খানের সর্বশেষ নির্দেশনা ‘ডাকঘর’ নাটকের কিছু অংশ মঞ্চস্থ করবে ইউল্যাব ড্রামা ক্লাব। ডাকঘর নাটকটি খালেদ খানের অসম্পূর্ন নির্দেশনা ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে হঠাৎ নাট্যদল আয়োজিত স্মরণসভা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এতে অংশ নেবেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, মামুনুর রশিদ, লাকী ইনাম, মিতা হক, ঝুনা চৌধুরী প্রমুখ। এ অনুষ্ঠানে নাট্যদল ডকুফ্রেম খালেদ খানকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে।
দীর্ঘদিন মোটর নিউরন ও হৃদরোগে ভুগে ২০১৩ সালের ২০ ডিসেম্বর মারা যান নব্বইয়ের দশকের মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা খালেদ খান।
এর আগে ১৯৭৮ সালে দেওয়ান গাজীর ‘কিসসা’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন খালেদ খান। হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’ ও ইমদাদুল হক মিলনের ‘রূপনগর’ নাটকে অভিনয় করে সে সময় দারুণ জনপ্রিয়তা পান তিনি। নাগরিক নাট্যসম্প্রদায়ের তিনি অভিনয় করেছেন নূরুল দীনের সারাজীবন, দর্পনসহ ৩০টির বেশি নাটকে। নির্দেশনা দিয়েছেন পুতুল খেলা, ক্ষুধিত পাষাণসহ ১০টির বেশি নাটক। অসুস্থ হওয়ার আগে তিনি নাগরিক নাট্যাঙ্গনের ‘রক্ত করবী’ নাটকের বিশু পাগল চরিত্রে অভিনয় করেন।
