আদিত্যর পরিচালনায় কাজ করতে চান রানভির
বলিউডি পরিচালক আদিত্য চোপড়ার পরিচালনায় কাজ করার সুযোগ পেলে দারুন খুশি হবেন বলে জানিয়েছেন অভিনেতা রানভির সিং।।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, রানভির অভিনয় করবেন পরিচালক আদিত্য চোপড়ার পরবর্তী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে, এমন খবর ছড়িয়েছে টিনসেলে। ওই গুজবের পরিপ্রেক্ষিতেই নিজের ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।
রানভির এক বিবৃতিতে বলেন, “এই খবর সত্যি নয় যে আমি আদিত্যর পরবর্তী সিনেমায় কাজ করতে যাচ্ছি। তবে সুযোগ পেলে মন্দ হয় না। আদিত্য চোপড়ার পরিচালনায় কাজ করার সুযোগ পেলে আমার স্বপ্ন সত্যি হবে।”
ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মধ্য দিয়ে বলিউডি জগতে আসেন রানভির। এরপর ওই ব্যানারে ‘লেডিস ভার্সেস রিকি ভেইল’ সিনেমায়ও অভিনয় করেন তিনি। তবে কোনোটিতেই পরিচালক হিসেবে পাননি আদিত্যকে।
রানভিরের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘গুন্ডে’-ও ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে। এছাড়ার নির্মিতব্য অ্যাকশন ড্রামাভিত্তিক সিনেমা ‘কিল দিল’-ও নির্মিত হবে ওই একই ব্যানারে।
‘গুন্ডে’ সিনেমায় অর্জুন কাপুরের সঙ্গে অভিনয় করেছেন রানভির। আর তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন প্রিয়াংকা চোপড়া। সিনেমাটি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে।
