২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ রাবিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়েয় সাংবাদিকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 06:06 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘বিশ্ববিদ্যালয় কর্মরত সাংবাদিকবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের উপর প্রশাসনের হামলার নিন্দা জানান। প্রশাসন ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের উপর হামলা করেছে বলে তারা অভিযোগ করেন।

তারা তিন সহকারী প্রক্টর ও রাজশাহী মহানগর পুলিশ উপ-কমিশনার (পূর্ব) প্রলয় চিচিমকে ক্যাম্পাস থেকে প্রত্যাহারেরও দাবি জানান।

পরে সাংবাদিকরা উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিনের সঙ্গে দেখা করেও দাবির কথাগুলো জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাধারণ সম্পাদক এম এ সাঈদ শুভের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সময় টিভির রাজশাহী প্রতিনিধি মেহেরুল হাসান সুজন, মাছরাঙ্গা টিভির রাজশাহী প্রতিনিধি গোলাম রাব্বানি, সকালের খবরে ফটো সাংবাদিক আজহার উদ্দীন, রাবিসাসের সভাপতি শাকির আহমাদ, রাবি প্রেস ক্লাবের সভাপতি ডালিম হোসেন শান্ত, রাবি রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈকত মুনির প্রমুখ।

বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর রোববার পুলিশ ও ছাত্রলীগ চড়াও হলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় রোষের শিকার হন সাংবাদিকরা।

এ সময় ক্যাম্পাসে গুলি করার কারণ জানতে চাইলে সাংবাদিকদের দিকে তেড়ে আসে পুলিশ সদস্যরা। এক পর্যায়ে সাংবাদিকদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে ছয় সাংবাদিক আহত হন।