সৈয়দ হকের জন্মবার্ষিকী পালিত
নাচ, গান, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে সৈয়দ শামসুল হকের ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন করল বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সাময়িকী ‘সামান্য কিছু’। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী কাইয়ূম চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, নাট্যনির্দেশক আতাউর রহমান, কবি মুহম্মদ নূরুল হুদা।
লেখকের স্ত্রী মনোরোগ বিশেষজ্ঞ ও লেখক আনোয়ারা সৈয়দ হক তাদের ব্যক্তিগত জীবনের কিছু স্মৃতি তুলে ধরেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং স্বাগত বক্তব্য রাখেন ‘সামান্য কিছু’ সম্পাদক টোকন ঠাকুর।
সৈয়দ হকের একক কবিতা পাঠ, ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় রবীন্দ্রনাথের ‘জগতে আনন্দযজ্ঞে তোমায় নিমন্ত্রণ’ গানের সঙ্গে কোরিওগ্রাফি, জয়িতা মহলানবীশ ও মাহফুজ রিজভীর পাঠে সৈয়দ হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, পূজা সেনগুপ্ত ও গোলাম শাহরিয়ার সিক্তর অভিনয়ে ‘কৃষ্ণপক্ষ’ নাটক, স্বপ্নীল সজীব ও সামিউল ইসলাম পলাকের অংশগ্রহণে রবীন্দ্রনাথের গান ও হকের কবিতা কোলাজ এবং সবশেষে গাজী রাকায়েতের নির্দেশনায় পরিবেশিত হয় সৈয়দ হকের লেখা নাটক ‘ডেড পিকক’। ডেড পিককে অভিনয় করেন গোলাম সারোয়ার, গাজী রাকায়েত ও শর্মীমালা।
