২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নির্যাতন করে কাপুরুষরা: আমির

কেবল কাপুরুষরাই নারীদের নির্যাতন করে বলে মনে করেন বলিউডি অভিনেতা আমির খান। এই ধরনের অপরাধ  কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

ইরা ডি. কস্তা

সংযুক্ত আরব আমিরাত থেকে

Published : 01 Feb 2014, 03:55 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, আমিরের মতে, সমাজ থেকে নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ মুছে ফেলতে হলে প্রথমে পুরুষদের মানসিকতা পরিবর্তিত হওয়া জরুরি। নারী নির্যাতন বিরোধী এক আন্দোলনের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় আমির এই কথা বলেন।

ভিডিওতে আমির বলেন, “নারী নির্যাতন বিরোধী এই আন্দোলনের শুরুতে আমাদের পুরুষদের পরিবর্তিত হতে হবে। একজন নারীকে নির্যাতনের মধ্য দিয়ে কোনোভাবেই একজন পুরুষ তার ক্ষমতা প্রদর্শন করতে পারে না। উল্টো এটি তার ভীরুতার নিদর্শন।”

এক বছর আগে বিশ্বব্যাপী এই ক্যাম্পেইনের যাত্রা শুরু করে কয়েকটি প্রতিষ্ঠান। নারীদের উপর নির্যাতন দমনের জন্যই কাজ শুরু করে প্রতিষ্ঠানগুলো।

দক্ষিণ এশিয়ার এই ক্যাম্পেইনের প্রধান কমলা ভাসিন বলেন, “গত বছর ১৪ ফেব্রুয়ারি ২০৭টি দেশের এক বিলিয়নেরও বেশি মানুষ তাদের দাবি তুলে ধরে। গণধর্ষণ, উৎপীড়ন, যৌতুক আদায়ের জন্য নির্যাতন এবং আরও অসংখ্য বিষয় তুলে ধরেন তারা।”

তিনি আরও বলেন, “আমরা থেমে থাকিনি। এই ১৪ ফেব্রুয়ারি বিশ্বের লাখ লাখ নারী, পুরুষ এবং শিশু নারীদের উপর অমানুষিক নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলবে।”

এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শ্রীজনাতমাক মানুষী নামে একটি অলাভজনক সংস্থা দিনটিকে সামনে রেখে নারী এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি সচেতনতামূলক নাটক এবং একটি শর্টফিল্ম নির্মাণ করেছে। শর্টফিল্মটি ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রদর্শিত হবে।

আজাদ ফাউন্ডেশন শুধুমাত্র নারীচালিত ট্যাক্সিক্যাব চালিয়ে থাকে দিল্লির রাস্তায়। ওই দিন তারা দিল্লিতে একটি র‌্যালির আয়োজন করছে।