আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা
আমেরিকান নাট্যকার লুইজি ব্রায়ান্টের ‘দ্য গেইম’ অবলম্বনে রুবাইয়াত আহমেদের নির্দেশনায় মঞ্চনাটক ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’ প্রযোজনা করছে তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র।
নাট্যকার রুবাইয়াত গ্লিটজকে বলেন, “নাটক নিয়ে গবেষণা করতে গিয়ে লক্ষ করলাম, নাট্যকার হিসেবে লুইজি ব্রায়ান্ট তেমন বিখ্যাত না হলেও বেশ কয়েকটি ভালো নাটক লিখেছেন তিনি। নাটকগুলো নানাদিক থেকে তাৎপর্যপূর্ণ।”
তিনি আরও বলেন, “মূলত আত্মহত্যাবিরোধী চেতনার ধারক ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’ নাটকটি। জীবনানন্দ দাশের বেশ কয়েকটি কবিতা ব্যবহার করেছি নাটকে। প্রসেনিয়াম ও এরিনা, এই দুই ফর্মেই মঞ্চে উঠতে পারে নাটকটি।”
নির্দেশনার পাশাপাশি নাটকটির অনুবাদ ও রূপান্তরের কাজও করেছেন রুবাইয়াৎ। সহকারী নির্দেশক হিসেবে কাজ করছেন নাজমুল ইসলাম অনিক, পোশাক পরিকল্পনা করেছেন খায়েরুজ্জামান মিতু, সংগীত পরিকল্পনা করেছেন অসীম কুমার নট্ট, নৃত্য পরিকল্পনা করেছেন চিন্ময়ী গুপ্তা এবং আলোক পরিকল্পনা করেছেন ওয়াসিম আহমেদ।
তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রযোজনায় এটি প্রথম মঞ্চনাটক।
শিল্পকলা একাডেমিতে ২৫ ফেব্রুয়ারি নাটকটির কারিগরি মঞ্চায়ন হবে।
