শুরু হচ্ছে পথনাট্যোৎসব
সারাদেশের নাট্যসংগঠনগুলোর অংশগ্রহণে শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে সাতদিনব্যাপী ২৯তম পথনাট্যোৎসব। ‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’ শিরোনামে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এ উৎসবের আয়োজন করছে।
শনিবার বিকাল ৫টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হবে পথনাট্যোৎসব। এবারের উৎসবে সারাদেশের ৩৫টি নাট্যদল অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “স্বাধীনতাবিরোধী অপশক্তি এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। নানাভাবে এই অশুভ শক্তির হিংস্র থাবায় আজও ক্ষতবিক্ষত হচ্ছে মানবজীবন। একই সঙ্গে আমাদের সংস্কৃতি, অসাম্প্রদায়িক মূল্যবোধেও আঘাত হানছে ওরা। এসব সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতিমনারা এবার একাট্টা হয়েছে। নাটক, গান, কবিতার মাধ্যমে এই অশুভ শক্তির মুখোশ উন্মোচনই এবারের উৎসবের মূল প্রতিপাদ্য।”
লিয়াকত আলী লাকী জানান, এবারের উৎসবে ‘গণহত্যা’ ইস্যুতে বেশ কটি নাটক মঞ্চস্থ হবে।
তিনি আরও জানান, এবারের উৎসব উপলক্ষে বেশ কটি দল প্রথমবারের মতো ঢাকায় তাদের নাটক প্রদর্শন করছে। এসব নাটকের মাধ্যমে দেশব্যাপী নাট্যচর্চা, নাট্যদলগুলোর অবস্থা সম্পর্কে জানবে দর্শক।
ঢাকার বাইরে নাট্যচর্চাকেন্দ্রগুলোর অবস্থা ও নাট্যচর্চাবিষয়ক এক প্রশ্নের জবাবে ঝুনা চৌধুরী জানান, শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন যৌথভাবে এ বিষয়ে তদারকি করছে। কেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাট্যকর্মীদের প্রশিক্ষণ ও নাট্যনির্মাণেও অনুদানের পরিমাণ বাড়ছে।
উৎসব আহ্বায়ক চন্দন রেজা জানান, শনিবার বিকাল ৫টায় জাতীয় সংগীতের মাধ্যমে উৎসব উদ্বোধন হবে। এরপর একুশের গান পরিবেশন করবে ঢাকা সাংস্কৃতিক দল। এরপর মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করবে প্রতিবাদী নৃত্য ‘জাগো’। প্রথমদিনে মঞ্চস্থ হবে অপেরা নাট্যদলের ‘কৈবল্য’ ও মহাকাল নাট্যস¤প্রদায়ের ‘সাপের খেলা’।
উৎসবে আরও অংশ নিচ্ছে উদীচী, ঢাকা পদাতিক, পদাতিক নাট্য সংসদ (টিএসসি), দৃষ্টিপাত নাট্য সংসদ, ঢাকা ড্রামা, মুক্তালয় নাট্যাঙ্গন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি, খেয়ালী নাট্যগোষ্ঠী, চন্দ্রকলা থিয়েটার, অনস্বাম্বল থিয়েটার (ময়মনসিংহ), থিয়েটার আর্ট ইউনিট, নাট্যযোদ্ধা, নাগরিক নাট্যাঙ্গন অনস্বাম্বল, মানস নাট্যাঙ্গন, একতা নাট্যগোষ্ঠী, জাগরণী থিয়েটার, দেশ নাটক, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, নগরী নাট্যগোষ্ঠী, থিয়েটার (তোপখানা), ইউনিভার্সাল থিয়েটার, অনির্বাণ থিয়েটার (দর্শনা), নাট্যধারা, বিবর্তন নাট্যগোষ্ঠী ( শাহজাদপুর), শহীদ সুফী নাট্যচক্র (ফরিদপুর), বনলতা (ঝিনাইদহ), রঙ্গনা নাট্যগোষ্ঠী, ভিশন থিয়েটার, সংসপ্তক নাট্যদল (নারায়ণগঞ্জ), অনুশীলন নাট্যদল (রাজশাহী)।
চন্দন জানান, ঢাকার উৎসব শেষ হওয়ার পরপরই সাতটি বিভাগীয় শহরে শুরু হবে বিভাগীয় পথনাট্যোৎসব। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উৎসব।
১৯৮৬ সাল থেকে ঢাকার নাট্যদলগুলো নিয়ে নিয়মিতভাবে জাতীয় পথনাট্যোৎসবের আয়োজন করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
২০০৯ সাল থেকে ঢাকার বাইরের দলগুলোও এ উৎসবে অংশ নিতে শুরু করে।
২০১৩ সালের নভেম্বর থেকে তারা ‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’ শীর্ষক স্লোগান নিয়ে পাঁচমাসব্যাপী কর্মসূচির আয়োজন করে। ইতোমধ্যে তারা ‘গণহত্যা’ ইস্যুতে দেশের ৭টি বিভাগে ‘জাগরণে নাট্যনির্মাণ’ শিরেনামে ১৫ মিনিটের পোস্টার নাট্যপ্রযোজনা কর্মশালার আয়োজন করেছে।
ছবি - ইসরাত জাহান মনি
