রগরগে দৃশ্যে অভিনয় উপভোগ করেছেন ডিক্যাপ্রিও
‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ সিনেমায় অন্তরঙ্গ ও রগরগে দৃশ্যে অভিনয় করাটা বেশ উপভোগ করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। মার্টিন স্করসেসি পরিচালিত ওই সিনেমায় স্টকব্রোকার জর্ডান বেলফোর্টের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
কনটাক্টমিউজিককে দেওয়া এক সাক্ষাৎকারে ডিক্যাপ্রিও জানান, ওইসব দৃশের জন্য বিবসন হতে একদমই খারাপ লাগেনি তার।
৩৮ বছর বয়সী ওই অভিনেতা বলেন, “সিনেমার সিংহভাগ দৃশ্যের উদ্দেশ্য ছিল বেলফোর্টের উদ্দাম ও লাগামছাড়া জীবনযাপন তুলে ধরা। আমি তাই কোনো রকমের সংকোচ করিনি। দৃশ্যগুলোতে আমার জন্য কোন স্টান্টডাবও ছিল না। সবগুলো দৃশ্যেই আমি নিজে অভিনয় করেছি। নগ্ন ওইসব রগরগে দৃশ্যে যাকে দেখা গেছে, সে আমিই।”
ডিক্যাপ্রিও আরও বলেন, “দৃশ্যগুলো ধারণের সময়টা মজার ছিল। আমি ওই সময় নগ্নতা নিয়ে খুব একটা ভাবিনি, কারণ ওই মানুষটির (বেলফোর্ট) জীবনে সত্যিই যা ঘটেছিল সেটা পর্দায় ফুটিয়ে তোলার ব্যাপারে আমি বেশি মনযোগী ছিলাম।”
শেয়ার বাজারে জালিয়াতির জন্য অভিযুক্ত সাবেক মার্কিন মিলিয়নেয়ার জর্ডান বেলফোর্টের জীবনীভিত্তিক সিনেমা ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এ অভিনয়ের জন্য এবারের অস্কারে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন ডিক্যাপ্রিও। ডার্ক কমেডি ঘরানার ওই সিনেমা ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা পরিচালক’ এবং ‘পার্শ¦ চরিত্রে সেরা অভিনেতা’সহ পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছে। সিনেমাটিতে ডিক্যাপ্রিওর সঙ্গে আরও অভিনয় করেছেন জোনাহ হিল এবং মার্গট রবি।
