দিল্লিতে চন্দ্রকলা
দিল্লিতে ‘৯ম আর্ন্তজাতিক নাট্যোৎসব’-এ অংশ নিতে ২২ জানুয়ারি থেকে ভারতে অবস্থান করছে বাংলাদেশের নাট্যদল চন্দ্রকলা থিয়েটার। দলটি নাট্যোৎসবে ‘ওপেন ইউর আইস’ নাটক পরিবেশন করবে।
‘অল-ইন্ডিয়া কালচারাল এসোসিয়েশন’ আয়োজিত আন্তর্জাতিক উৎসবে স্বাগতিক ভারতের বিভিন্ন নাট্যদলের পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশ, ইরান, আমেরিকা, ইয়োগোস্লাভিয়া, হংকং ও যুক্তরাজ্যের নাট্যদল। বাংলাদেশ থেকে একমাত্র নাট্যদল হিসেবে অংশ নিয়েছে চন্দ্রকলা থিয়েটার।
‘ওপেন ইউর আইস’ নাটকের চিত্রনাট্য লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক।
নির্দেশক অনিক গ্লিটজকে বলেন, “একজন নেশাগ্রস্ত যুবকের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটি। এতে অভিনয় করেছেন-- আনিসুর রহমান, ফারুক হোসেন, লিয়ন, হৃদয় খান, হাসান, ইব্রাহিম, রাত্রি এবং আমি নিজে।”
নাটকের মঞ্চ পরিকল্পনায় মোহাম্মদ জুম্মন এবং সংগীত পরিচালনায় রয়েছেন এইচ এম অঙ্গন।
উৎসবটির গেল আসরে অংশগ্রহণকারী ছয় দেশের মধ্যে ১ম স্থান অধিকার করে পাঞ্চাল অ্যাওয়ার্ড অর্জন করে এ নাট্যদলটি।
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর আমন্ত্রণে কলকাতার দমদম দাগা মঞ্চে ২২ জানুয়ারি চন্দ্রকলা থিয়েটার মঞ্চস্থ করে নাটক ‘তন্ত্রমন্ত্র’।
