২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার স্নেহাকে নিয়ে সালমান!

দ্বিতীয়বারের মতো স্নেহা উল্লালকে বলিউডে নিয়ে আসার পরিকল্পনা করছেন সালমান খান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 05:25 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

জি মিডিয়া ব্যুরো জানায়, ‘লাকি-নো টাইম ফর লাভ’ সিনেমার মাধ্যমে স্নেহাকে বলিউডে অভিষিক্ত করেছিলেন সালমান। যদিও বক্স অফিসের দৌড়ে সাফল্য পায়নি সিনেমাটি। এখন, স্নেহাকে আরও একটি সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন সালমান।

ওই সিনেমার পর থেকে স্নেহার দেখা মেলেনি বহুদিন। সম্প্রতি মুম্বাই হিরোস এবং চেন্নাই রাইনসের ম্যাচ চলাকালীন সালমানের পাশে দেখা যায় স্নেহাকে।

এক ট্যাবলয়েডের সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, “দীর্ঘ বিরতির পর মুম্বাইয়ের কোনো আয়োজনে দেখা গেছে স্নেহাকে। সালমানের সঙ্গেই পুরো সময় ছিলেন স্নেহা। অনেকের ভাষ্যমতে, স্নেহা বলেছেন সালমান আরও একবার তাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন।”

সালমান এর আগেও বহু অভিনয় শিল্পীকে নিয়ে এসেছিলেন টিনসেলে। কাউকে নিজের সিনেমায় আবার কাউকে অন্য কোনো সিনেমায় কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। এই তালিকায় উল্লেখযোগ্য সোনাক্ষি সিনহা, অর্জুন কাপুর, ডেইজি শাহ।

অভিনেত্রী হিসেবে সালমানের বিপরীতে বলিউডে অভিষেক ঘটলেও পরপর কয়েকটি সিনেমার ব্যর্থতার কারণে অনেকটাই আড়ালে চলে যান স্নেহা। তার সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০০৯ সালের সিনেমা ‘কাশ...মেরে হোতে’। মাঝের সময়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন তেলেগু সিনেমায়; সেখানে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন ২৮ বছর বয়সী ওই অভিনেত্রী। এমনকি, বাংলাদেশের সিনেমা ‘মোস্ট ওয়েলকাম’-এও দেখা গেছে তাকে। অনন্ত জলিল অভিনীত ওই সিনেমায় স্নেহা কাজ করেছেন আইটেম গার্ল হিসেবে।