শুটিংয়ে ফিরছেন হৃত্বিক
শারীরিক ও ব্যক্তিগত সমস্যা সামলে শুটিংয়ে ফিরছেন বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান। ‘কৃষ থ্রি’র পরপরই ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিং শুরু করলেও নানা প্রতিকূলতার কারণে গত বছর শুটিং থেকে বিরতি নেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বলিউডের সুপারহিরো হৃত্বিক মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বিরতি নেন ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিং থেকে। আর এরপর স্ত্রী সুজানের সঙ্গে বিয়েবিচ্ছেদের কারণে মানসিকভাবে আরও ভেঙে পড়েন তিন। তাই শুটিংয়ে ফেরা হয়নি তার।
২০১৩ সালের জুলাই থেকে বন্ধ হয়ে আছে হলিউডি সিনেমা ‘নাইট অ্যান্ড ডে’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘ব্যাং ব্যাং’-এর শুটিং। তবে ছয় সপ্তাহের মধ্যেই সিনেমার শুটিং পুনরায় শুরু করতে যাচ্ছেন হৃত্বিক।
‘কৃষ থ্রি’-র সুবাদে ২০১৩ সালটি ক্যারিয়ারের দিক থেকে বেশ ভালোই ছিল হৃত্বিকের। আমির খানের ‘ধুম থ্রি’-র পরই স্থান করে নিয়েছিল ‘কৃষ থ্রি’। শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’-কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন হৃত্বিক।
শারীরিক এবং ব্যক্তিগত সমস্যা উতরে ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিং আবার শুরু করতে যাচ্ছেন হৃত্বিক। এর পর কারান জোহরের ‘শুদ্ধি’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। ধারণা করা হচ্ছে সিনেমাটিতে তার সঙ্গে জুটি বাঁধবেন কারিনা কাপুর খান।
