২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালনায় ব্যাঙ্কস

মিউজিক্যাল কমেডি সিনেমা ‘পিচ পারফেক্ট টু’-এর মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন হলিউডি অভিনেত্রী এলিজাবেথ ব্যাঙ্কস।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 04:50 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

দ্য হলিউড রিপোর্টাস-এর খবর অনুযায়ী, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি সিনেমাটির সিকুয়েলটি পরিচালনা করতে যাচ্ছেন ব্যাঙ্কস। প্রথম সিনেমাটিতে ধারাভাষ্যকার গেইল অ্যাবারনাথি ম্যাকাডনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে এবার তিনি থাকবেন ক্যামেরার পিছনে।

সিনেমাটিতে জাতীয় প্রতিযোগিতায় ক্যাপেল্লা দলের মধ্যে দ্বন্দ্বের কাহিনি তুলে ধরা হয়েছিল। মূল সিনেমাটিতে অভিনয় করেছিলেন অ্যানা কেনড্রিক এবং রেবেল উইলসন। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় পর্বেও দেখা যাবে তাদের।

বক্স অফিস মোজো-এর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ‘পিচ পারফেক্ট’ সিনেমাটি মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছিল। ইউনিভার্সাল এবং গোল্ড সার্কেলের ব্যানারে ১ কোটি ৭০ লাখ ডলার বাজেটের সিনেমাটি আয় করেছিল ৬ কোটি ৫০ লাখ ডলার।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্সের ডোনা ল্যাংলি বলেন, “এলিজাবেথ ব্যাংকস ‘পিচ পারফেক্ট’ সিনেমার মূল পরিকল্পনাটি জানিয়েছিলেন। আর প্রথম সিনেমাটির সাফল্যের পিছনেও তার হাত রয়েছে। আর তাই ‘পিচ পারফেক্ট টু’ সিনেমাটি পরিচালনার জন্য ব্যাঙ্কসই উপযুক্ত।”

মূল সিনেমার চিত্রনাট্যকার কে ক্যাননই দ্বিতীয় পর্বের চিত্রনাট্য রচনা করবেন।