তরুণ কণ্ঠ
শুরু হচ্ছে তরুণদের মতামত ও ভাবনাবিষয়ক টক শো ‘তরুণ কণ্ঠ’।
আর্থসামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তরুণদের অংশগ্রহণ নিয়ে তৈরি ওই অনুষ্ঠানটির প্রচার শুরু হবে বুধবার থেকে।
মঙ্গলবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের উপস্থাপক শাইখ ইমতিয়াজ এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অনুষ্ঠানের আয়োজক ম্যাক্সিমাসের পরিচালক (অপারেশন) মেজবাহ উদ্দিন আহমেদ।
মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “এ দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রার সূচনা ঘটেছে যাদের হাত ধরে, নীতিনির্ধারণী পর্যায়ে তাদের ভাবনা ও মতামত কোনোভাবেই মূল্যায়িত হয় না। সামাজিক পরিবর্তনের নিয়ামক হিসেবে তরুণদের অংশগ্রহণও নিতান্ত কম। এসব ভাবনা থেকেই এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করছি। এতে আর্থসামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তরুণরা তাদের অভিমত জানাবে। থাকবে মুক্ত আলোচনার সুযোগ।”
অনুষ্ঠানটি পরিচালনা করছেন আকা রেজা গালিব। অনুষ্ঠানটি ২৯ জানুয়ারি থেকে প্রতি বুধবার রাত ১১টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।
