শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘টিট ফর ট্যাট’
শুরু হচ্ছে আলভী আহমেদ পরিচালিত নতুন ধারাবাহিক ‘টিট ফর ট্যাট’। হাস্যরসাত্মক গল্পে তৈরি ওই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, শর্মিলী আহমেদসহ আরও অনেকে।
আলভী আহমেদ গ্লিটজকে জানিয়েছেন, শ্যালক ও দুলাভাইয়ের পরিবারের সদস্যদের প্রেম-ভালোবাসা, পরস্পর এর প্রতি আকর্ষণ, লোভ এবং সেই লোভে পড়ে হাস্যকর সব কর্মকাণ্ড নিয়েই এ ধারাবাহিক নাটকের গল্প। নাটকে ‘দুলাভাই’ আসগরের চরিত্রে রাইসুল ইসলাম আসাদ ও তার শ্যালক মফিজুলের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম।
এতে দেখা যাবে, আসগর সাহেব একটি মিথ্যা মামলায় আটক হয়ে জেলে যান। তার অবর্তমানে সংসার সামলান তার স্ত্রী জোবেদা বেগম। তিনি খুবই জাঁদরেল টাইপের মহিলা। তাদের বড় সন্তান পল্টু পরিবারের অনাদর ও অবহেলায় বখে যায়। বাড়ির অন্য সবার সঙ্গে একটু দূরত্ব রেখে চলে সে। তবে তার ছোটভাই ফিজিক্সের ছাত্র সুমনের ধ্যানজ্ঞান পড়াশোনা। ঘটনাক্রমে সে কবিতাপ্রেমী হয়ে ওঠে।
জোবেদা বেগমের ভাই মফিজুল অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির। তার সব অপকর্মের সঙ্গী স্ত্রী সেলিনা। তাদের মেয়ে জ্যোতি সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন দেখে।
জোবেদা বেগম চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ, সেলিনা চরিত্রে নওশীন, পল্টু চরিত্রে রাহুল আনন্দ, সুমন চরিত্রে আজাদ আবুল কালাম সেতু অভিনয় করছেন।
ধারাবাহিকটি আরটিভিতে প্রতি সপ্তাহে বুধ থেকে শনি রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।
