জাপান একাডেমি অ্যাওয়ার্ডসে ‘থ্রি ইডিয়টস’
আমির খান অভিনীত সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মনোনয়ন পেয়েছে ৩৭তম জাপান একাডেমি অ্যাওয়ার্ডসে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, জাপান একাডেমি অ্যাওয়ার্ডসের বিদেশি ভাষার সিনেমার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘থ্রি ইডিয়টস’।
রাজকুমার হিরানি পরিচালিত ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ ছিল সে সময় বলিউডের হিট সিনেমার তালিকার শীর্ষে। এতে আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান, আর. মাধভান, শার্মান যোশী এবং বোমান ইরানি।
অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিদেশি ভাষার সিনেমার তালিকায় আরও মনোনয়ন পেয়েছে ‘ক্যাপ্টেইন ফিলিপস’, ‘জ্যাঙ্গো আনচেইন্ড’, ‘গ্র্যাভিটি’ এবং ‘লা মিজারেবল’।
‘থ্রি ইডিয়টস’ সিনেমায় গৎবাঁধা শিক্ষার সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কৌতুকের ছলে। সিনেমাটি জাপানে মুক্তি পেয়েছে ২০১৩ সালের জুন মাসে।
নিপ্পন একাডেমি অ্যাওয়ার্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৯৭৮ সালে যাত্রা শুরু করে জাপান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। প্রতিবছর একবার আয়োজিত হয় এই অনুষ্ঠান।
৭ মার্চ টকিয়োর গ্র্যান্ড প্রিন্স হোটেল নিউ টাকানাওয়াতে আয়োজিত হবে ৩৭তম জাপান একাডেমি অ্যাওয়ার্ডস।
