লুসার ‘নিরন্তর’
বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে এবং আজব রেকর্ডসের ব্যানারে কণ্ঠশিল্পী লুসা মির্জার রবীন্দ্রসংগীতের প্রথম অ্যালবাম ‘নিরন্তর’ প্রকাশিত হয়েছে শনিবার।
‘নিরন্তর’ তার দ্বিতীয় অ্যালবাম।
‘নিরন্তর’ অ্যালবামে স্থান পেয়েছে আটটি রবীন্দ্রসংগীত। গানগুলো হল-- ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’, ‘আমি তোমার প্রেমে হব সবার’, ‘আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’, ‘মেঘের পরে মেঘ’, ‘যদি তোর ডাক শুনে কেউ’, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি’ এবং ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’।
লুসা গ্লিটজকে বলেন, “আমরা বাপ্পা মজুমদারকে খুব ভালো একজন গিটারিস্ট এবং সুরকার হিসেবে চিনি। তিনি আমার অ্যালবামের জন্য প্রকৃতই ভালো কাজ করেছেন। তিনি রবীন্দ্রসংগীতের প্রথাগত সংগীতায়োজনের বাইরে গিয়ে কাজ করতে চেয়েছেন।”
তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলোকে আমিও একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছি। তবে দুজনারই চেষ্টা ছিল, যেনো বাণী ও সুরে গানের ভাবের শুদ্ধতা বজায় থাকে।”
লুসা জানান, অ্যালবামে টপ্পা অঙ্গের গান ‘মেঘের পরে মেঘ’। বৈতালিক এই গানটি গিটারের সহায়তা নিয়ে গেয়েছেন তিনি। গিটার বাজিয়েছেন বাপ্পা মজুমদার।
তিনি আরও জানান, অ্যালবামে প্রথাগত যন্ত্রের ব্যবহার খুব কম হয়েছে। তাই সংগীতায়োজনেও ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতা।
লুসা মির্জা বিটিভির ‘নতুন কুঁড়ি’ পুরস্কার জেতেন ১৯৯৩ সালে। শিশু একাডেমি জাতীয় প্রতিযোগিতায় উচ্চাঙ্গ সংগীত বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হন ১৯৯৪ সালে।
আনিসুর রহমান নিঝুর সংগীত পরিচালনায় সুকুমার রায়ের ছড়ার গান নিয়ে লুসার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯০ সালে।
শনিবার বিকালে আজব রেকর্ডস এক প্রকাশনা উৎসবের আয়োজন করেছিল অফিসার্স ক্লাবে। অনুষ্ঠানে ‘নিরন্তর’ অ্যালবাম সংশ্লিষ্টসহ উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক আলী ইমাম, সংগীত শিক্ষক করিম সাহাবুদ্দিন, এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজীশ আলী খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম আকতারী মমতাজ, সংগীত পরিচালক শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী প্রমুখ।
