পুরোপুরি সুস্থ নন শাহরুখ
বর্তমানে কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থতার জন্য আরও কয়েকটি ডাক্তারি পরীক্ষা করানোর প্রয়োজন হতে পারে শাহরুখ খানের। ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার সেটে কাচের দরজা ভেঙে পড়ায় আহত হন বলিউডি অভিনেতা শাহরুখ খান।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ২৩ জানুয়ারি দুর্ঘটনার পরপরই শাহরুখকে নানাভাতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে দুঘণ্টা পরই তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তাকে টানা তিন সপ্তাহ বিশ্রাম নিতে বলেন ডাক্তার।
হাসপাতাল থেকে ছুটি মিললেও আরও কিছু পরীক্ষা করাতে হতে পারে বলে জানা গেছে এক সূত্রে।
শাহরুখ টুইটারে তার ভক্তদের নিজের সুস্থতার কথা জানিয়েছেন।
২৩ তারিখ হাসপাতাল থেকে ফিরেই তিনি টুইট করেন, “আরও কিছু টেস্ট বাকি আছে। তবে আল্লাহ খুব শীঘ্রই আমাকে ভালো করে দেবেন আশা করি। কিছু ক্ষতের চিহ্নও রয়েছে। যদিও এগুলো দেখা যাবে না মনে হয়।”
শাহরুখের এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সিনেমাটির পরিচালক এবং শাহরুখের বন্ধু ফারাহ খান। তার দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।
ফারাহ টুইট করেন, “একদিন ছুটি পেলাম আমি। তবে তা উপভোগ করতে পারছি না। শাহরুখ, জলদি সুস্থ হয়ে ওঠো।”
বৃহস্পতিবার চিকিৎসার পর হাসপাতাল থেকে বের হয়েই শুটিং সেটে ফেরেন শাহরুখ। যদিও ডাক্তাররা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
