২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি ফ্যাসাদে রামপালের রেস্তোরাঁ 

বলিউডি অভিনেতা অর্জুন রামপালের রেস্তোরাঁর জায়গার ভাড়া বাবদ প্রায় দুকোটি টাকা বাকি পড়ায় সেটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 06:30 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ভারতীয় পর্যটন উন্নয়ন কর্পোরেশন (আইটিডিসি) রামপালকে রেস্তোরাঁ বন্ধ করার নোটিশ পাঠিয়েছে।

রামপাল ২০০৯ সাল থেকে ‘ল্যাপ’ রেস্তোরাঁ পরিচালনা করে আসছেন। রেস্তোরাঁটিতে একসঙ্গে ১৫০ জন বসার ব্যবস্থা রয়েছে।

আইটিডিসি-এর হিসাব অনুসারে প্রতি মাসে পানি, বিদ্যুৎ এবং গ্যাসের বিল বাদে কেবল জায়গার ভাড়া বাবদ ২৫ লাখ রুপি দিয়ে থাকেন রামপাল। এক বিবৃতিতে আইটিডিসি-এর সংশ্লিষ্ট অফিসার বলেন, “২০১২ সালের অক্টোবর মাস থেকে রামপাল কোনো ভাড়াই পরিশোধ করেননি।”

রামপালের কাছে সাড়ে ৪ কোটি রুপি বাকি ছিল। সম্প্রতি তিনি আড়াই কোটি রুপি পরিশোধ করেছেন বলে জানা গেছে।

জায়গাটি ইজারা নিয়ে ২০০৯ সালে রেস্তোরাঁটি চালু করেছিলেন রামপাল। ২০১৩ সালের অক্টোবর মাসে সে তারিখ শেষ হয়েছে। রামপাল নতুন করে ইজারা নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে রামপাল ভাড়া দিতে না পারায় রেস্তোরাঁ মালিক আদালতে মামলা করেন।

আইটিডিসি-এর অফিসার বলেন, “তাদের মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত রামপাল রেস্তোরাঁটি চালানোর সুযোগ পাবেন।”

যদিও রেস্তোরাঁর ব্যাপারে মুখ খোলেননি অর্জুন রামপাল। এক বিবৃতিতে তিনি বলেন, “আমার রেস্তোরাঁর ব্যাপারে বিভিন্ন তথ্য আমি পাচ্ছি মিডিয়ার মাধ্যমে।”

এরপর তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেই টুইট করেন, “মিডিয়া রিপোর্টের মতে দেউলিয়া হয়ে গেছি আমি। সুতরাং সবাই যার যার চেক ভাঙিয়ে ফেল।”

২০০৯ সালের অগাস্ট মাসে ল্যাপ রেস্তোরাঁ চালু হয়। জানা যায় রেস্তোরাঁর সঙ্গে যুক্ত ছিলেন বলিউডি অভিনেতা শাহরুখ খানও। রামপালের স্ত্রী মেহেরের সঙ্গে মিলে রেস্তোরাঁর ডিজাইন করেছিলেন গৌরী খান।