পদ্মভূষণ পাচ্ছেন কমল হাসান
ভারতীয় চলচ্চিত্রাভিনেতা কমল হাসান ২০১৪ সালে পদ্মভূষণ সম্মাননা পেতে যাচ্ছেন; অভিনেতা পরেশ রাওয়াল এবং অভিনেত্রী বিদ্যা বালান পাচ্ছেন পদ্মশ্রী।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, ভারতের তৃতীয় সম্মানজনক পদক পদ্ম ভূষণ পেতে যাচ্ছেন কমল হাসান। অন্যদিকে বিদ্যা বালান এবং পরেশ রাওয়াল পাবেন পদ্মশ্রী পদক।
কমল হাসান বলেন, “ভারতীয় হিসেবে গর্ববোধ করি আমি। ভারত এমন একটি দেশ যেখানে ভিন্ন ভিন্ন স্থানে প্রতিভা বিকাশের সুযোগ রয়েছে। ভারতীয় সরকার আমাকে পদ্ম ভূষণ পদকের জন্য বেছে নেওয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য এবং সকলের আশীর্বাদস্বরূপ।”
তিনি আরও বলেন, “এই পদক গ্রহণের যোগ্যতা এখনও হয়নি আমার। আমার আরও অনেক কাজ করতে হবে। তাহলে এই পদকের সঠিক মূল্যায়ন করতে পারব আমি।”
কমল হাসান ছাড়া এবারের তালিকায় আরও আছেন টেনিস তারকা লিয়েন্ডার পেইজ, লেখক অনিতা দেশাই এবং রাস্কিন বন্ড এবং ব্যাডমিন্টন খেলোয়াড় পুলেলা গোপিচান্দ।
পদ্মশ্রী পদকের তালিকায় আছেন, ক্রিকেট তারকা যুবরাজ সিং, ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রড্রিক্স, প্রফেসর দিনেশ সিং, সিনেমাটোগ্রাফার সন্তোশ সিভান এবং কবি কেকি এন দারুওয়ালা।
