২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ‘নিশিমন বিসর্জন’

নাট্যদল মহাকাল ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে রোববার মঞ্চস্থ করবে নাটক ‘নিশিমন বিসর্জন’। দলের ২৭তম প্রযোজনা এ নাটকের নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 06:18 PM

Updated : 13 Oct 2022, 11:46 AM

দলের ম্যানেজার মোহাম্মদ শাহনেওয়াজ গ্লিটজকে জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ নাটক অবলম্বনে রচিত হয়েছে ‘নিশিমন বিসর্জন’। এর আগে নাটকের ৪৮টি মঞ্চায়ন করেছেন তারা। দেশ ও দেশের বাইরে বিভিন্ন উৎসবেও নাটকটির মঞ্চায়ন হয়েছে।

এ নাটকের মুখ্য চরিত্র ‘নিশিমন’ এর ভূমিকায় রূপদান করেছেন পলি বিশ্বাস। ‘রঘুপতি’ চরিত্রে মীর জাহিদ হাসান এবং ‘তারাতাজ’ চরিত্রে জাহিদুল কামাল চৌধুরী দিপু এবং নেতা চরিত্রে মো. শাহনেওয়াজ অভিনয় করছেন।

অভিনয়ের পাশাপাশি নাটকের সার্বিক ততত্ত্বাবধান করছেন মীর জাহিদ।

মীর জাহিদ বলেন, “‘বিসর্জন’ নাটকে রবীন্দ্রনাথ ধর্মীয় কুসংস্কারগুলো তুলে ধরেছেন। আমরা ‘বিসর্জন’ এর মূল পাণ্ডুলিপি ও ভাব ঠিক রেখে ‘নিশিমন বিসর্জন’ নাটকের মাধ্যমে জঙ্গিবাদ ও মৌলবাদের কুৎসিত রূপ এবং সাম্প্রতিক বিশ্বের সকল প্রকার ধর্মান্ধতা ও তার ভয়াবহ চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।”

এ নাটকে মঞ্চ, আলো ও প্রপস পরিকল্পনা করেছেন আশিক রহমান লিয়ন, আবহ সংগীতে রয়েছেন তপন কুমার সরকার, সংগীত এবং কোরিওগ্রাফিতে রয়েছেন কাজী তামান্না হক সিগমা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২০১১ সালের ৬ জুন। এরপর নিয়মিত মঞ্চায়ন হয়েছে এটি। দেশ ও দেশের বাইরে বিভিন্ন উৎসবেও প্রদর্শিত হয়েছে নাটকটি।