অস্কার কি ভুলেই গেল হ্যাঙ্কসের নাম!
টম হ্যাঙ্কস। হলিউড তো বটেই বিশ্বজুড়েই সেরা অভিনয়শিল্পীদের সবচেয়ে ছোট তালিকাতেও এই নাম থাকে উপরের দিকেই। জনপ্রিয় তো অনেকেই হন, দুবারের অস্কারজয়ী এই অভিনেতাকে ধরা হয় পশ্চিমের ‘ফাইনেস্ট’ অভিনয় শিল্পীদের একজন হিসেবে। ২০১৩ সালেও ‘ক্যাপ্টেন ফিলিপস’ ও ‘সেভিং মিস্টার ব্যাঙ্কস’ এর মাধ্যমে দর্শকদের সামনে হ্যাঙ্কস হাজির হয়েছিলেন অভিনয়ের জাদু নিয়ে।
অবশ্য, ২০০১ সালের পর থেকে অস্কার থেকে বাদ পড়া কোনো নতুন ঘটনা নয় হ্যাঙ্কসের জন্য। নব্বইয়ের দশকের এই ‘অস্কার ডার্লিং’-এর সর্বশেষ অস্কার মনোনয়ন যে ১৩ বছর আগের ঘটনা। ‘কাস্ট অ্যাওয়ে’ সিনেমার জন্য সেই যে ‘সেরা অভিনেতা’-এর মনোয়ন পেয়েছিলেন তিনি, তার পর থেকে ওই বিভাগের দখল নিজের হাতছাড়া হতে দেখেছেন একবার কিংবা দুবার নয়; ছয়বার!
‘কাস্ট অ্যাওয়ে’ পরবর্তী সময়ে মুক্তি পাওয়া হ্যাঙ্কস অভিনীত ‘উল্লেখযোগ্য’ সিনেমার সংখ্যা ছয়। এরমধ্যে স্পিলবার্গের মতো পরিচালক থাকা স্বত্তেও ২০০২ সালের ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ সন্তুষ্ট করতে পারেনি অস্কারের বিচারকদের। একই ঘটনা ঘটেছে ‘চার্লি উইলসনস ওয়ার’ (২০০৭), ‘এক্সট্রিমলি লাউড অ্যান্ড ইনক্রেডিবলি ক্লোজ’(২০১১), ‘ক্লাউড অ্যাটলাস’(২০১২), আর এখন ‘ক্যাপ্টেন ফিলিপস’ ও ‘সেভিং মিস্টার ব্যাঙ্কস’-এর ক্ষেত্রেও। ‘ক্লাউড অ্যাটলাস’ আর ‘এক্সট্রিমলি লাউড অ্যান্ড ইনক্রেডিবলি ক্লোজ’ অবশ্য মার খেয়েছিল বক্স অফিসেও; সমালোচকদের কাছ থেকেও খুব একটা সাড়া পায়নি এই দুই সিনেমা। তবে বাকি সিনেমাগুলোতে হ্যাঙ্কসের অভিনয় গ্রহণযোগ্যতা পেয়েছে সবমহলেই।
আর তাই হ্যাঙ্কসভক্তদের মনে প্রশ্ন আসতেই পারে, অস্কার কি তবে ভুলেই গেল তাদের সবচেয়ে প্রিয় শিল্পীকে?
অথচ’ নব্বই-এর দশকের পুরোটা জুড়েই অস্কারে ছিল হ্যাঙ্কসের দাপুটে বিচরণ। শুরুটা হয়েছিল ১৯৮৯ সালে। ‘বিগ’ সিনেমায় পূর্ণবয়স্ক পুরুষের দেহে আটকে পড়া এক বালকের ভুমিকায় অভিনয় করে সে বছর তিনি অর্জন করেছিলেন নিজের প্রথম অস্কার মনোনয়ন। পরে ১৯৯৪ সালে ‘ফিলাডেলফিয়া’ আর ১৯৯৫ সালে ‘ফরেস্ট গাম্প’ সিনেমার জন্য পরপর দুবার ‘সেরা অভিনেতা’-এর অস্কার জিতে নিয়ে সৃষ্টি করেছিলেন নতুন ইতিহাস।
২০০০ সালের পর হ্যাঙ্কসের এই অস্কার-খরা কেবল বিষ্মিতই নয়, রীতিমতো চিন্তিত করে তুলেছে সিনেমাপ্রেমীদের। অস্কার ইতিহাসে (ওয়াল্টার ব্রেনন, জ্যাক নিকলসন ও ড্যানিয়েল ডে-লুইসের পর) চতুর্থ অভিনেতা হিসেবে তিন অস্কার জেতার সুযোগ কি কখনও হবে না হ্যাঙ্কসের? নাকি সামনের বছরগুলোতে তার জন্য অপেক্ষা করছে এরচেয়েও বড় কোনো চমক?
উত্তরটা দেবে সময়ই; ততদিন পর্যন্ত জীবন্ত এই কিংবদন্তির আরও ভালো কাজ দেখার অপেক্ষায় রইল বিশ্ব ।
