২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাটির পরী’-তে সায়মন-লামিয়া

সায়মন তারিকের তৃতীয় সিনেমা ‘মাটির পরী’-তে প্রধান চরিত্রে অভিনয় করবেন সায়মন সাদিক এবং সাদিয়া ইসলাম লামিয়া। এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হল লামিয়ার।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 04:21 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। মহরত ঘোষণা করেন বর্ষীয়ান গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। এ সিনেমার গীতিকারও তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, নির্মাতা শাহীন খান।

মহরত ঘোষণার আগে গাজী মাজহারুল আনোয়ার বলেন, “বাংলা সিনেমাতে যে নতুনধারা সৃষ্টি হয়েছে, তা বজায় রাখার দায়িত্ব নতুন প্রজন্মের শিল্পীদের। সিনেমার মাধ্যমেই বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে বিশ্বদরবারে।”

নির্মাতা সায়মন তারিক গ্লিটজকে জানান, হাস্যরসের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতিকে ফুটিয়ে তোলা হবে সিনেমাতে। এতে প্রশাসনের নানা দুর্বলতা, দুর্নীতিকে কটাক্ষ করা হয়েছে।

সায়মন জানান, এ সিনেমাতে তিনটি প্রধান চরিত্র শুভ, কাজল ও শিলা চরিত্রে অভিনয় করছেন সায়মন, লামিয়া ও মৌমিতা।

এ সিনেমার মাধ্যমে দুই দশক পর সিনেমাতে ফিরছেন চিত্রনায়িকা বনশ্রী। এতে তিনি শুভর চাচির চরিত্রে অভিনয় করবেন।

লামিয়া বলেন, “সিনেমাতে অভিনয়ের  কোনো পরিকল্পনা ছিল না। কিছু টিভিসি ও উপস্থাপনা দেখে পরিচালক সায়মন আমাকে ডেকে পাঠান একদিন। তিনি জানান, সামাজিক গল্পের সিনেমাতে আমার চরিত্রের মাধ্যমে দর্শকদের একটি মেসেজ দেওয়া হবে। আমি গল্প পড়ে মুগ্ধ হই। অভিনয়ের প্রস্তাবে রাজি হয়ে যাই।  ভালো অভিনয় করে আমি জানিয়ে দিতে চাই, সিনেমাতে থাকতে এসেছি।”

এ সিনেমাতে আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, সুব্রত, রেবেকা, মুক্তা হাসান, তানি।

ঢাকার একটি শুটিং হাউজে সিনেমার শুটিং শুরু হবে ২১ ফেব্রুয়ারি।  পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুটিং করবেন বলে জানিয়েছেন পরিচালক সায়মন।

পরিচালক সায়মনের প্রথম সিনেমা ‘এ চোখে শুধু তুমি’ মুক্তি পায় ২০০৮ সালে। এতে শাবনূর ও ফেরদৌস প্রধান চরিত্রে অভিনয় করেন।  দ্বিতীয় সিনেমা সায়মন সাদিক ও সারা জেরিন অভিনীত  ‘সরি ম্যাডাম’ ২০১৪ সালে মুক্তি পাবে বলে জানিয়েছেন  তিনি।

মাল্টিমিডিয়া প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত ‘মাটির পরী’ সিনেমার সংগীত পরিচালনা করছেন আহমেদ হুমায়ুন।

ছবি -- ইসরাত জাহান মনি।