কুমিল্লা সংস্কৃতি উৎসবে ‘খনা’
‘চতুর্থ কুমিল্লা সংস্কৃতি উৎসব-২০১৪’ তে প্রদর্শিত হবে বটতলার তৃতীয় প্রযোজনা ‘খনা’। এ নাটকে নামভূমিকায় অভিনয় করছেন কাজী রোকসানা রুমা।
রুমা গ্লিটজকে জানান, কুমিল্লার টাউন হলে আয়োজিত উৎসবে ‘খনা’ প্রদর্শিত হবে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে। এটি নাটকের ৪০তম মঞ্চায়ন।
রুমা বলেন, “শুধু একজন নারীর আত্মকথন নয়, সত্যান্বেষী খনা চরিত্রের মাধ্যমে সমাজের নানা কুসংস্কার এবং শ্রেণিবৈষম্যকে কটাক্ষ করা হয়েছে ‘খনা’ নাটকের মাধ্যমে।”
এ নাটকে ‘খনা’র স্বামী মিহির চরিত্রে অভিনয় করছেন নাসির উদ্দিন নাদিম এবং শ্বশুরের চরিত্রে অভিনয় করছেন ইমরান খান মুন্না। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তৌফিক হাসান, মিজানুর রহমান, ইভান রিয়াজ, সেউতি শাহগুফতা, সজিব সরকার, সুবীর কুমার বিশ্বাস।
নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবু আউদ আশরাফী, সুর ও সংগীত পরিচালনা করেছেন ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদীন রাখাল। পোশাক পরিকল্পনা করেছেন তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান ভূঁইয়া।
