নিরাপত্তার জন্য মাসে ১০ লাখ পাউন্ড
সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে লন্ডনের নতুন বাড়িতে প্রতি মাসে খরচ করবেন ১০ লাখ পাউন্ড।
কন্টাক্টমিউজিক জানায়, শীঘ্রই চার সন্তানকে নিয়ে লন্ডনের নতুন বাড়িতে উঠবেন বেকহাম দম্পতি। নতুন বাড়িতে নিরাপত্তার জন্য থাকছে স্টেট অফ আর্ট এন্ট্রি সিস্টেম এবং বিশেষ প্যানিক রুম।
এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, “তাদের নতুন বাড়িতে থাকছে একটি বিশেষ প্যানিক রুম। তাদের পুরো বাড়িতে ২৪ ঘণ্টা নজর রাখবে ৬০টি সিসিটিভি ক্যামেরা। আর ওই ক্যামেরার ফুটেজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন সদস্যরা। আঙুলের ছাপ নিয়ে এন্ট্রি নেওয়ার ব্যবস্থাও থাকবে তাদের বাড়িতে।”
ভিক্টোরিয়া বেকহামের ইন্টেরিওর ডিজাইনার বন্ধু কেলি হোপেন বেকহাম পরিবারের নতুন বাড়িটি সাজানোর দায়িত্বে আছেন। হোপেন বেকহামের চার সন্তান ব্রুকলিন, রোমিও, ক্রুজ এবং হারপারের সঙ্গে কথা বলেই বাড়িটির নিরাপত্তার দিকগুলো গুছিয়ে আনছেন। বাচ্চাদের ব্যক্তি স্বাধীনতার বিষয়টি মাথায় রেখেই সব কিছু সাজানো হচ্ছে।
তাদের ঘর সাজানোর ক্ষেত্রেও প্রাধান্য পাচ্ছে তাদের মতামত। হার্পারের ঘরটি সাজানো হচ্ছে প্রজাপতি দিয়ে। আর তার ঘরে থাকছে সাজানো প্রিন্সেস বিছানা এবং ওয়ারড্রোব।
ভিক্টোরিয়া বাড়িতে নিজের জন্য মেনিকিউর এবং চুল থেরাপির সেলুন তৈরি করছেন। আর ডেভিডের চাহিদায় নির্মিত হচ্ছে বিলাস বহুল রান্নাঘর।
তাদের বাড়িতে ৫০ জন মানুষ একসঙ্গে খেতে পারেন এমন একটি খাবার ঘরও থাকছে।
