হৃত্বিকের লাইফ কোচ
স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর হতাশা কাটিয়ে কাজে মনোযোগ দিতে একজন লাইফ কোচ নিয়োগ করেছেন অভিনেতা হৃত্বিক রোশান।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, লাইফ কোচ হিসেবে আরফিন খানকে নিয়োগ করেছেন হৃত্বিক রোশান। আর কাজের প্রতি মনোযোগী হওয়ার শর্তে তাকে প্রতি মাসে মোটা অঙ্কের অর্থও দিচ্ছেন ওই অভিনেতা।
এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, “আরফিন প্রতিটি সময় হৃত্বিকের আশপাশেই থাকেন। তার কাজ হল হৃত্বিককে কাজের প্রতি মনোযোগী রাখা।”
তবে এ বিষয়টি স্বীকার করেননি আরফিন। এমনকি হৃত্বিককে যে তার ব্যক্তিগত ব্যপারে তিনি পরামর্শ দিচ্ছেন ওই কথাটিও অস্বীকার করেন আরফিন।
আরফিন বলেন, “হৃত্বিক আমার একটি সেমিনারে এসেছিলেন। কিন্তু এর বাইরে আর কিছুই নয়। তিনি আমার ক্লায়েন্ট নন।”
চার বছর প্রেমের পর সুজানকে বিয়ে করেছিলেন হৃত্বিক। ২০০০ সালে গাঁটছড়া বাঁধার পর ২০১৩-তে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।
সম্প্রতি গুগল হ্যাংআউটে, ভক্তদের সঙ্গে আলাপে সুজানের সঙ্গে সম্পর্ক ভাঙনের জন্য নিজেকেই দায়ী করেন হৃত্বিক। ‘কৃষ’ খ্যাত ওই অভিনেতার মতে অন্য কেউ নয়, বরং তাদের সম্পর্কে দূরত্ব সৃষ্টির জন্য তিনি নিজেই দায়ী।
গুজব শোনা গেছে, হৃত্বিক এবং সুজান মুম্বাইয়ের উচ্চ আদালতে তাদের ডিভোর্সের আবেদন জমা দিয়েছেন।
