বাংলাদেশের অ্যানিমেশন ফিল্ম ‘ড্রিমস্টেইজ’
শিশুদের জন্য পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ফিল্ম ‘ড্রিমস্টেইজ’ নির্মাণ করছেন বাংলাদেশের পরিচালক অমিত আশরাফ ও জুবায়ের কাওলিন।
অমিত গ্লিটজকে বলেন, “শিশুদের উপযোগী একটি অ্যানিমেশন সিনেমা নির্মাণে হাত দিয়েছি এবার। এখনও গল্প নিয়ে কাজ করছি।”
তিনি আরও বলেন, “যৌথ প্রযোজনার ভিত্তিতে মূলত বাংলাদেশ থেকেই নির্মিত হবে এটি। স্টুডিওর কাজ বাংলাদেশে বসেই শেষ করব। একাজে সহযোগিতা করবেন আমাদের জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধুরা।”
‘ড্রিমস্টেইজ’ নামে চলচ্চিত্রটি ২০১৬ সালে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে বলে জানালেন এর চিত্রনাট্যকার ও সহপরিচালক অমিত।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সময় থেকেই তিনি চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি অ্যানিমেশনের কাজ করতেন। বাংলাদেশি বন্ধুদের সহায়তায় এখন সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাচ্ছেন।
চলচ্চিত্রটি পরিচালনায় তার সঙ্গে আরও রয়েছেন জুবায়ের কাওলিন।
অমিত জানান, জুবায়ের কাওলিন পেশায় অ্যানিমেটর। নিজের প্রতিষ্ঠান থেকে অ্যানিমেশনের কাজ করেন তিনি। তিনি টিভিসি নির্মাণের সঙ্গেও জড়িত।
