২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘প্রিজনার্স’

ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে হলিউডি সিনেমা ‘প্রিজনার্স’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 06:45 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ গ্লিটজকে জানিয়েছেন, আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

সিনেমাটি ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন ডেনিস ভিলেনিভ। এতে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান, জ্যাক গিলেনহল, পল ড্যানো, মারিয়া ব্যালো, মেলিসা লিও।

৪.৬ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত  ‘প্রিজনার্স’ বক্স অফিসে ১২.২ কোটি ডলারের বেশি আয় করেছে। সিনেমা রিভিই সাইট ‘রটেন টমেটোস’-এর রিভিউতে ৮২ শতাংশ ইতিবাচক ফলাফল পেয়েছে ‘প্রিজনার্স’। দর্শকদের মতো সমালোচকদেরও মন জয় করেছে হিউ জ্যাকম্যানের অভিনয়। ইতোমধ্যে ‘টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’-এ দ্বিতীয় রানার আপ হিসেবে পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস জিতেছে সিনেমাটি।

এতে দেখা যাবে, কেলার ডোভার নামে এক হতভাগ্য বাবাকে, যার ছয় বছর বয়সী মেয়ে অ্যানা হঠাৎ একদিন উধাও হয়ে যায়। অ্যানার পাশাপাশি খুঁজে পাওয়া যায় না তারই আরেক সমবয়সী খেলার সাথী জয়কেও। চারদিক তন্নতন্ন করে খুঁজেও কোনো হদিস মেলে না। ঘটনা গড়ায় পুলিশ প্রশাসন পর্যন্ত। লোকি নামের পুলিশের এক গোয়েন্দা কর্মকর্তা দায়িত্ব নেন ঘটনা তদন্তের।

অ্যানা হারিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে ওদের বাড়ির সামনে একটি গাড়িকে উদ্দেশ্যহীনভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। সন্দেহবশত ওই রহস্যময় গাড়ির চালক অ্যালেক্স জোন্সকে আটক করা হয়। কিছু সন্দেহ আর কিছু রহস্যাবৃত তথ্যের পরও ওপর মহলের চাপ আর সন্দেহাতীতভাবে কিছু প্রমাণ না হওয়ায় গারদের ফাঁক গলে বেরিয়ে আসে অ্যালেক্স। আইন যখন নিরুপায়, নিখোঁজ মেয়েটির বাবাও কি হাত গুটিয়ে বসে থাকবেন? আইনের প্রতি সশ্রদ্ধ কেলার নিজেই নামেন তার মেয়ের খোঁজে। শেষ না দেখে ঘরে ফিরবেন না- এমন প্রত্যয় নিয়ে মাঠে নামেন তিনি। শুরু হয় নতুন অভিযান।