কাম্বারব্যাচের সহায়তায় ডাউনি জুনিয়র
‘শার্লক হোমস’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে দেখা হলে তার কাছ থেকে চরিত্রটি সম্পর্কে আলোচনা করেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। ব্রিটিশ ওই অভিনেতা বিবিসির টিভি সিরিজ ‘শার্লক’-এর প্রধান শিল্পী।
কন্টাক্টমিউজিক জানায়, ১৯ জানুয়ারি ডাউনি জুনিয়ারের সঙ্গে দেখা হয় কাম্বারব্যাচের। আর বর্তমানে বিবিসি-এর ‘শার্লক’ সিরিজে কাল্পনিক ওই গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্য দিকে গাই রিচির ‘শার্লক হোমস’ এবং ‘শার্রক হোমস: এ গেইম অফ শ্যাডোস’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ডাউনি জুনিয়র। আর তাই তার কাছ থেকে চরিত্রটি সম্পর্কে পরামর্শ নেন কাম্বারব্যাচ।
একসেস হলিউডকে কাম্বারব্যাচ ২০ জানুয়ারি জানান, “আমি ডাউনি জুনিয়ারের সঙ্গে একই সোফায় বসেছিলাম। এই প্রথম আমি তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। আর তার কাছ থেকে শার্লক হোমস চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার কিছু তথ্যও পেয়েছি।”
তিনি আরো বলেন, “অন্যতম আলোচিত কাল্পনিক কাহিনীগুলোর একটি হলো শার্লক। আর তাই এটি নিয়ে বিতর্কেরও অন্ত নেই।”
কাম্বারব্যাচ জানান, শার্লক হোমসকে নিয়ে আমেরিকান সিরিজ ‘এলিমেন্টারি’-এর অভিনেতা জনি লি মিলারের সঙ্গেও কথা বলেছেন তিনি। তিনি বলেন, “আমরা প্রত্যেকেই একে অপরের ভক্ত। আর আমরা একে অপরের বন্ধুও বটে। রবার্টের সঙ্গেও আলাপ করে ভালো লেগেছে।”
সিরিজে কাম্বারব্যাচের বাবা এবং মা টিমোথি কার্লটন এবং ওয়ান্ডা ভেনথাম অভিনয় করেছেন শার্লকের মা-বাবার চরিত্রে।
তিনি বলেন, “মা-বাবার সঙ্গে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। প্রথম দিন শুটিংয়ে আমরা সবাই খুব চিন্তিত ছিলাম। মা-বাবাও ছিলেন। তবে আমি তাদেরকে একটু সাহায্য করতে চেষ্টা করেছি। এটি একটি দারুণ অভিজ্ঞতা। আমি আমার নাতি-নাতনিদেরও বলতে পারবো যে আমি নিজের মা-বাবার সঙ্গে একই সিরিজে কাজ করেছি।”
