বিয়ে করলেন সামিরা রেড্ডি
মোটরসাইকেল ব্যবসায়ী আকশায় ভারদেকে বিয়ে করেছেন বলিউডি অভিনেত্রী সামিরা রেড্ডি।
মুম্বাই মিররের খবর অনুযায়ী, প্রায় আড়াই বছর প্রেম করার পর ২০১৩ সালের ডিসেম্বরে আংটি বদল করেন এই জুটি। এরপর ২০১৪ সালের ২১ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছেন তারা।
এর আগে সামিরা জানিয়েছিলেন, চলতি বছরের এপ্রিল মাসে বিয়ে করবেন তিনি। কিন্তু ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন এবং বন্ধুদের নিয়ে আগে আগেই সাদামাটাভাবে বিয়ে সারছেন সামিরা।
এক সূত্র জানিয়েছে, নিজেদের বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখছেন এই জুটি। এমনকি কোথায় হচ্ছে তাদের বিয়ের অনুষ্ঠান, তাও জানা যায়নি।
তবে সামিরার এক বন্ধু জানিয়েছেন, বর এবং কনের পোশাক ডিজাইন করবেন নিতা লুলা।
৩১ বছর বয়সী আকশায় মোটরসাইকেল কোম্পানি ‘ভারদেনচি’র উদ্যোক্তা। মোটরসাইকেলপ্রেমী সামিরা একদিন ওই কোম্পানির বাইক চালাচ্ছিলেন, আর তখনই তার পরিচয় হয় আকশায়ের সঙ্গে।
সামিরার এক বন্ধু জানান, প্রায় ১৫ দিন আগে এপ্রিলের বদলে জানুয়ারিতেই বিয়ে করার সিদ্ধান্ত নেন ওই জুটি। কারণ আগামী দিনগুলোতে নিজের ব্যবসার কাজে অনেক জায়গায় ঘুরে বেড়াতে হবে আকশায়কে।
সূত্রটি আরও জানায়, বিয়ে করলেও ব্যাস্ততার কারণে হানিমুনের জন্য সময় পাবেন না নবদম্পতি। ফেব্রুয়ারিতে কিছুদিনের জন্য ছুটি কাটাতে যেতে পারেন তারা।
৩১ বছর বয়সী সামিরার বলিউডে অভিষেক হয় ২০০২ সালে ‘ম্যানে দিল তুঝকো দিয়া’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘মুসাফির’, ‘ডারনা মানা হ্যায়’, ‘রেইস’ এর মতো সিনেমায় অভিনয় করেছেন। হিন্দি সিনেমা ছাড়াও বাংলা এবং তামিল সিনেমায় নিয়মিত অভিনয় করেন সামিরা।
