নতুন নাটক ‘প্রথম পার্থ’
থিয়েটার স্কুল প্রাক্তনী তাদের দ্বিতীয় নাট্য প্রযোজনা হিসেবে মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘প্রথম পার্থ’। সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকার শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একটি প্রেস শোর আয়োজন করা হয়েছে।
মহাভারতের কাহিনি অবলম্বনে বুদ্ধদেব বসুর লেখা নাটকটির নির্দেশনা দিচ্ছেন প্রাক্তনীর নির্বাহী সদস্য জয়িতা মহলানবীশ।
‘প্রথম পার্থ’ নাটকে ‘কর্ণ’ চরিত্রে নূর-জামান-রাজা ও ‘কুন্তী’ চরিত্রে শিরিন বকুল অভিনয় করছেন। ‘কৃষ্ণ’ চরিত্রে গোলাম শাহারিয়ার সিক্ত এবং ‘দ্রৌপদী’ চরিত্রে অভিনয় করছেন তানিয়া হোসাইন।
নির্দেশক জয়িতা মহলানবীশ গ্লিটজকে জানান, ২০ জানুয়ারি কারিগরি মঞ্চায়নের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়মিত প্রদর্শিত হবে।
‘প্রথম পার্থ’ নাটকের আবহ সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া। নাটকের পোশাক পরিকল্পনা করেছেন শামীমা শওকত লাভলী। কোরিওগ্রাফিতে আছেন রিফাত রিয়াজ জ্যোতি।
নাট্যদল ‘থিয়েটার (বেইলি রোড)’ এর প্রতিষ্ঠিত স্কুলের নাম ‘থিয়েটার স্কুল’।
১৯৯২ সালে যাত্রা শুরু করে স্কুলটি।
১৯৯৮ সালে নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের নামানুসারে স্কুলের নামকরণ করা হয় ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল’। এ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের দল ‘থিয়েটার স্কুল প্রাক্তনী’।
থিয়েটার স্কুল প্রাক্তনীর প্রথম প্রযোজনা ‘ওয়েটিং ফর গডো’। এটি নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান।
