২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাপ্পী-ববি অভিনীত ‘ওয়ান ওয়ে’

বাপ্পী ও ববি জুটি অভিনীত দ্বিতীয় সিনেমা ‘ওয়ান ওয়ে’র শুটিং শুরু হল। রোববার সন্ধ্যায় একটি গানের মাধ্যমে সিনেমার দৃশ্য ধারণ শুরু করেন পরিচালক ইফতেখার চৌধুরী। এদিন দুপুরে এফডিসির আট নম্বর ফ্লোরে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 05:01 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

এ সিনেমাতে বাপ্পী ও ববির সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন ও বাবু। এ সিনেমাতে বাপ্পী, মাহি, মিলন ও বাবু নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন বলে গ্লিটজকে জানিয়েছেন পরিচালক ইফতেখার।

বাপ্পী ও ববি অভিনীত চরিত্র দুটির নাম ইমন ও আইভি। মিলনের অভিনীত চরিত্রের নামও মিলন। বাবু অভিনয় করেছেন লিটন চরিত্রে। গডফাদার চরিত্রে অভিনয় করেছেন ড্যানি সিডাক।

এতে দেখা যাবে, গডফাদারের দলে কাজ করেন মিলন, লিটন ও ইমন। একপর্যায়ে তাকে মেরে নিজেই গডফাদার বনে যান মিলন। এর কিছুদিন পর রহস্যজনকভাবে খুন হন মিলন ও লিটন। ভাই হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে ইমন। তার অভিযানে যোগ দেয় আইভি। কিন্তু একপর্যায়ে জানা যায়, আইভি আসলে প্রথম গডফাদারের মেয়ে।

বাপ্পি বলেন, “ প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করছি ‘ওয়ান ওয়ে’ সিনেমায়। সিনেমার গল্পটিও আমার কাছে নতুন। এ সিনেমার মাধ্যমে নিজেকে ভিন্নরূপে উপস্থাপনের চেষ্টা করব।”

ববি বলেন, “পরিচালক ইফতেখার চৌধুরী বরাবরই একটু ভিন্নধাঁচের গল্প নিয়ে কাজ করেন। অ্যাকশন, রোমান্সে ভরপুর গল্পের উপর নির্মিত এ সিনেমাতে দর্শক বাপ্পী ও আমাকে ভিন্নভাবে দেখতে পাবে।”

সিনেমার চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সিনেমাতে পাঁচটি গানের সুর ও সংগীতায়োজন করছেন অদিত। নৃত্য পরিচালনা করছেন তানজিল।

ইফতেখার জানিয়েছেন,  সিনেমার প্রথম লটের শুটিং শেষ হবে ২৭ জানুয়ারি। পরবর্তী লটের শুটিং শুরু হবে এপ্রিলে।

নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য অ্যাড্রেস’-এর ব্যানারে নির্মিত সিনেমাটি চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে বলে আশা করছেন ইফতেখার।