ডেপের বাগদান?
প্রেমিকা অ্যাম্বার হার্ডের সঙ্গে হলিউডি অভিনেতা জনি ডেপ বাগদান সম্পন্ন করেছেন বলে তার বন্ধুদের ধারণা।
ব্যাং শোবিজের খবর অনুযায়ী, ২০১৩ সালে বড়দিনের আগেই হার্ডকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ডেপ। সেই প্রস্তাবে রাজি হতে একটু সময় নিলেও শেষ পর্যন্ত আংটি বদল করেছেন তারা।
২৭ বছর বয়সী হার্ডের আঙুলে স¤প্রতি হীরা এবং কালো মুক্তা সম্বলিত একটি আংটি দেখা গেলে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে হলিউডে।
যদিও এই আংটিকে বাগদানের আংটি হিসেবে মানতে নারাজ হার্ড। তবে এই জুটির ঘনিষ্ঠ বন্ধুরা দাবি করছে বাগদান সেরেছেন তারা।
ইউ এস উইকলি ম্যাগাজিনকে তাদের এক বন্ধু বলেন, “কিছুদিন আগেই ডেপের প্রস্তাবে রাজি হয়েছেন হার্ড। তবে এখনও বাগদানের আংটি আঙুলে পরেননি তিনি।”
ডেপ এবং হার্ডের আরেক পারিবারিক বন্ধু সেলিবাজ পত্রিকাকে বলেন, “বড়দিনের আগের রাতেই হার্ডকে বিয়ের প্রস্তাব দেন ডেপ। এর আগে একবার ডেপকে ফিরিয়ে দিয়েছিলেন হার্ড। আর তাই এবারের প্রস্তাবের উত্তর দেওয়ার জন্য অনেকটা সময় নিয়েছিলেন তিনি।”
২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য রাম ডাইরিজ’ সিনেমার শুটিং করতে গিয়ে হার্ডের সঙ্গে পরিচয় হয় ৫০ বছর বয়সী ডেপের। এরপর তার ১৪ বছরের পুরনো প্রেমিকা ভেনেসা প্যারাডিসের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে হার্ডের সঙ্গে প্রেম শুরু করেন ডেপ।
প্যারাডিসের সঙ্গে ডেপের রয়েছে দুই ছেলেমেয়ে।
তবে হার্ডের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারে বরাবরই গোপনীয়তা বজায় রেখে চলেছেন ডেপ। ২০১৩ সালে হার্ডের সঙ্গে দুই ছেলেমেয়ে নিয়ে একই বাড়িতে বসবাস করা শুরু করেন তিনি।
