২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হচ্ছে ‘রেড সিগন্যাল’

শেষ হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘রেড সিগন্যাল’। সোমবার রাতে প্রচারিত হবে এ ধারাবাহিকের শেষপর্ব। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এ নাটকের দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নিপুণ আক্তার।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 05:12 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

মোশাররফ করিম অভিনীত চরিত্রের নাম রাসেল ও নিপুণ অভিনয় করেছেন সামিয়া চরিত্রে।

মাসুদ সেজান বলেন, “নাটকটির পর্ব সংখ্যা আরও বাড়ানোর জন্য দর্শক ও চ্যানেল থেকে আগ্রহ প্রকাশ করা হলেও, গল্পের সফল পরিসমাপ্তির জন্য ১০০তম পর্বটি যথার্থ মনে হয়েছে।”

পরিচালক মাসুদ গ্লিটজকে জানান, শেষ পর্বের গল্পে ১০জন সৎ মানুষ নির্বাচনের যে প্রক্রিয়া চলছিল তার একটি চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। রাসেলের প্রতি সামিয়ার বৈরী মনোভাবেরও এক নাটকীয় পরিসমাপ্তি ঘটবে এ পর্বে।

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, “মাসুদ সেজান ভালো নাটক নির্মাণ করেন। তার এক ঘণ্টার এই ধারাবাহিক নাটক রেড সিগন্যাল অনেক জনপ্রিয়তা পেয়েছে। মোশাররফ করিম ও নিপুণের অভিনয় ভালো ছিল।’

অভিনেতা মোশাররফ করিম বলেন, “রেড সিগন্যাল ধারাবাহিকে রাসেল চরিত্রটি আমার জন্য একটি চ্যালেঞ্জ ছিল। দীর্ঘ ধারাবাহিকে একই চরিত্রকে নিয়ে নানা পরীক্ষানিরীক্ষায় পরিচালক মাসুদ সফল।”

নিপুণ বলেন, “রেড সিগন্যাল আমার ক্যারিয়ারের প্রথম ধারাবাহিক। এ ধারাবাহিক নিয়ে আমি দেশে ও দেশের বাইরে দারুণ সাড়া পেয়েছি।”

সোমবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘রেড সিগন্যাল’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করছেন ইনামুল হক, আ খ ম হাসান, মারজুক রাসেল, ডা. এজাজ, মিলন ভট্টাচার্য্য।