আর্টসেলের তৃতীয় অ্যালবাম
তৃতীয় অ্যালবামের জন্য চুক্তি স্বাক্ষর করেছে প্রগেসিভ মেটাল ব্যান্ড আর্টসেল। তিন মাসের মধ্যে অ্যালবাম বের করার ঘোষণা করেছে তারা।
দলের ভোকালিস্ট ও গিটারিস্ট জর্জ লিঙ্কন ডি কস্তা গ্লিটজকে বলেন, “জি সিরিজের সঙ্গে চুক্তি করেছি, তিন মাসের মধ্যে অ্যালবামের কাজ শেষ করে তাদের হাতে তুলে দেব। তবে আমরা এখনও স্টুডিওতে ঢুকতে পারিনি।”
তিনি আরও বলেন, “আমাদের পূর্ণাঙ্গ লাইনআপে কাজ করতে চাই। তবে, সেজান (বেইজিস্ট) অস্ট্রেলিয়া থেকে না আসা পর্যন্ত আমরা একজন বেইজিস্ট নিতে চাই। বেজিস্ট পেলেই স্টেইজ শো, টিভি লাইভ ইত্যাদিতে অংশ নেওয়া শুরু করব।”
তিনি বলেন, “গান বা নাম কোনোটাই ঠিক করা হয়নি এখনো। সময় হলেই ঘোষণা দেওয়া হবে।”
সম্প্রতি ফেইসবুক ফ্যানপেইজে তারা ঘোষণা দেয়, কপিরাইট সংক্রান্ত আইনি সমস্যার সমাধানে জি সিরিজের সঙ্গে তারা তৃতীয় অ্যালবাম প্রকাশের জন্য চুক্তি করেছে ১২ জানুয়ারি।
১৯৯৯ সালে দলটি গড়ে ওঠে। সে সময় লিংকন ছিলেন ভোকাল ও গিটারে, এরশাদ ছিলেন লিড গিটারে, সেজান বেইজ ও সাজু ড্রামসে। ব্যান্ডটি জি সিরিজের মাধ্যমে দুটি অ্যালবাম ‘অন্য সময়’ (২০০২) ও ‘অনিকেত প্রান্তর’ (২০০৬) প্রকাশ করে ।
আর্টসেল ২০১৩ সালের ২৬ মার্চ ফেইসবুক ফ্যানপেইজের মাধ্যমে ব্যান্ডের কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এর কিছুদিন পরই মাইলস ব্যান্ডের গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েলের সঙ্গে ‘আর্টসেল এক্স’ নামে একটি অ্যালবামের প্রজেক্ট শুরু করে এরশাদ ব্যতীত অন্য সদস্যরা।
এ প্রসঙ্গে লিংকন বলেন, “আর্টসেল কখনও ভাঙ্গেনি, ভাঙ্গতে পারে না। সদস্যরা নানা কারণে ব্যস্ত, ব্যান্ডের প্র্যাকটিসে সময় দিতে পারছিল না। তাই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ‘আর্টসেল এক্স’ কোনো ব্যান্ড না, একটি অ্যালবাম প্রজেক্ট। যা আর্টসেল ব্যান্ডের সদস্যদের নিয়ে বড় ভাই সমতুল্য জুয়েলের উদ্যোগ।”
ছবি কৃতজ্ঞতা : আর্টসেল।
